২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিচার্ডসের পাশে বসে গর্বিত মিসবাহ

দ্রুততম টেস্ট শতকের রেকর্ড গড়ে স্বাভাবিকভাবেই খুশি মিসবাহ-উল-হক। তবে তার আনন্দটা আরও বেড়েছে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসের পাশে নিজের নাম লেখাতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 01:20 AM

Updated : 22 Aug 2022, 07:30 PM

অস্টেলিয়ার বিপক্ষে আবু ধাবি টেস্টের চতুর্থ দিন ২১ বলে অর্ধশতক করে মিসবাহ ভেঙে দেন জ্যাক ক্যালিসের দ্রুততম অর্ধশতকের রেকর্ড। এরপর ৫৬ বলে শতক পূর্ণ করে ভিভ রিচার্ডসের দ্রুততম টেস্ট শতকের রেকর্ডের ভাগিদার হন পাকিস্তানের অধিনায়ক।

ক্যারিবীয় কিংবদন্তির পাশে নিজের নাম যোগ করতে পেরে মিসবাহ বলেন, “ভিভ রিচার্ডসের পাশে নিজের নাম যোগ হওয়াটা দারুণ এক অনুভূতি, এটা চমৎকার। ক্রিকেট বিশ্ব আজ পর্যন্ত যেসব সেরা ব্যাটসম্যানের জন্ম দিয়েছে, তিনি তাদের মধ্যে অন্যতম। এটা আমার জন্যে সবচেয়ে বড় সম্মানের। আমি মনে করি, আমি তার ধারেকাছেই নেই।”

মিসবাহ জানান, দ্রুততম অর্ধশত করার পর শতকের রেকর্ডের দিকে চোখ ছিল তার।

“দ্রুততম অর্ধশতক করার সময় আমি স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম। আর যখন আমার রান ৮৫ হলো তখন দলের কেউ এসে আমাকে বলেছিল যে, রেকর্ড গড়ার জন্যে ১৫ রান করতে তোমার হাতে ১০ বল আছে। আমি চেষ্টা করেছি এবং পেয়েছি।”

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই শত করা মিসবাহর মতে, রেকর্ড গড়ায় আনন্দ থাকলেও একজন ব্যাটসম্যানের কাছে শতক করাটাই সবচেয়ে বড় পাওয়া।

“রেকর্ড আনন্দ দেয়, কিন্তু এক জন ব্যাটসম্যানের কাছে শতক করার চেয়ে ভালো আর কিছুই নেই। আমি আজহারকে তার শতক পূরণ করার একটা সুযোগ দিতে চাচ্ছিলাম। আর আমি দ্রুত রান নিয়ে অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়াতে চাচ্ছিলাম।”