মানজারুলের বাসায় হোয়াটমোর
সাত বছর আগে দায়িত্ব ছাড়লেও শিষ্যদের ভুলেননি ডেভ হোয়াটমোর। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টিভিতে ধারাভাষ্য দিতে এসে সবার খোঁজ নিয়েছেন তিনি। খুলনায় পৌঁছে অকাল প্রয়াত অলরাউন্ডার মানজারুল ইসলামের মায়ের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের সাবেক কোচ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের পাশেই মানজারুলদের বাসা। রোববার দুপুরে তিন নির্বাচক ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার ও ধারাভাষ্যকার আতাহার আলী খানকে নিয়ে সেখানে হাজির হন হোয়াটমোর।
মানজারের মা জামিলা খাতুনের সঙ্গে কথা বলেন হোয়াটমোর ও সাবেক চার ক্রিকেটার।
২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন হোয়াটমোর। তিনি কোচ হওয়ার পরের বছর আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় মানজারের। খুব কাছ থেকেই এই বাঁহাতি অলরাউন্ডারকে দেখেন হোয়াটমোর।
২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২২ বছর বয়সী মানজারুল। দেশের হয়ে ছয়টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলা এই ক্রিকেটারের নামে শেখ আবু নাসের স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম রেখেছে বিসিবি।
