মরিয়া জিম্বাবুয়েকে মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ
তিন দিনে প্রথম টেস্ট হারা জিম্বাবুয়েকে সমীহের চোখেই দেখছেন মুশফিকুর রহিম। ঘুরে দাঁড়াতে মরিয়া অতিথিদের জন্য দল প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক জানান, জিম্বাবুয়ের জন্য পরিকল্পনা সাজিয়ে সম্পূর্ণ প্রস্তুত তার দল।
“জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ নয়। শেষ ইনিংসে একশ’ রান নিয়েও ওরা দারুণ লড়াই করেছে। মিরপুর টেস্ট তিন দিনে শেষ হয়ে গেছে বলে এবারো তেমন কিছু হবে, এমন ভাবছি না। ওরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। তবে ওদের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
অনুশীলনের জন্য বাড়তি দুই দিন সময় পাওয়ায় খুলনা টেস্টের জন্য জিম্বাবুয়ের প্রস্তুতি আরো ভালো হবে বলে মনে করেন মুশফিক।
জিম্বাবুয়ের স্পিনারদের আক্রমণ করে খেলার ধারাবাহিকতা খুলনাতেও ধরে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক।
“ওদের স্পিনাররা অনভিজ্ঞ। ওদের এই বোলিং আক্রমণকে চাপে রাখার পরিকল্পনা নিয়ে খেলবো এবারো।”
খুলনায় নিজেদের পরিকল্পনা মতো খেলার দিকে বাংলাদেশ জোর দেবে জানিয়ে অধিনায়ক বলেন, “ওদের হারানোর সামর্থ্য আমাদের রয়েছে। প্রথম টেস্টে জিতলেও আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। এবার যেন তা করতে পারি, সেই চেষ্টা থাকবে আমাদের।”
মুশফিকের বিশ্বাস, শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের পেসারদের সামলানো অপেক্ষাকৃত সহজ হবে।
“মিরপুরের মতো বাউন্স এখানে পাবে না। উইকেট মন্থর ও নিচু হবে; উইকেট থেকেও খুব একটা সাহায্য পাবে না। পেসারদের সামলানো খুব একটা কঠিন হবে না।”
