২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়ের পথে পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পথে রয়েছে পাকিস্তান। আবু ধাবিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৩৭০ রানে এগিয়ে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

অস্ট্রেলিয়াকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রথম ইনিংসে ৩০৯ রানে এগিয়ে থাকা পাকিস্তান। ২ উইকেটে ৬১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে তারা।

দুই উদ্বোধনী ব্যাটিসম্যান আহমেদ শেহজাদ (১৪) ও মোহাম্মদ হাফিজ (৩) আউট হয়ে ফেরেন। আগের ইনিংসে শতক করা আজহার আলি ২১ ও দ্বিশতক করা ইউনুস খান ১৬ রান নিয়ে উইকেটে আছেন।  

ম্যাচটি ড্র হলেই ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে পাকিস্তান।

ইমরান খান, রাহাত আলি, জুলফিকার বাবর ও ইয়াসির শাহরা বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ভোগান্তির সব স্পেল উপহার দেন। অথচ ৬ উইকেটে ৫৭০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তানের ব্যাটসম্যানরা খুব সহজেই প্রতিপক্ষের বোলারদের সামলেছিলেন।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শনিবার ১ উইকেটে ২১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়াকে দ্রুতই ম্যাচ থেকে ছিটকে ফেলতে শুরু করে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার উইকেট পতনের শুরুটা হয় ডেভিড ওয়ার্নারকে দিয়ে। রাহাতের একটি নিরীহ বলে পয়েন্টে ইয়াসিরের হাতে সহজ ক্যাচ তুলে দেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী এই ব্যাটসম্যান।

গ্লেন ম্যাক্সওয়েলকে উপরের দিকে ব্যাট করতে নামিয়ে একটা ফাটকা খেলে অস্ট্রেলিয়া। তবে সেটা খুব একটা কাজে লাগেনি। ২৮ বলে ৩৭ রান করা ম্যাক্সওয়েল অতি আক্রমণাত্মক ব্যাট করতে গিয়ে বাবরের বলে বোল্ড হয়ে ফেরেন।  

কোনো রান না করা স্টিভেন স্মিথকেও ফেরান বাবর। দারুণ এক ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার এই মিডলঅর্ডার ব্যাটসম্যানকে বোকা বানিয়ে নিজেকে শীর্ষ পর্যায়ের একজন বাঁহাতি স্পিনার হিসেবে প্রমাণ করার পথে যেন আরো এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

স্মিথের আগেই অবশ্য ভাঙে নাইটওয়াচম্যান নাথান লিয়নের প্রতিরোধ। দ্বিতীয় দিন বিকেলে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ার পর ব্যাট করতে নেমেছিলেন লিয়ন। ৮৫ বলে ১৫ রান করে রাহাতের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

৫ উইকেটে ১২০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় অস্ট্রেলিয়া। এই সিরিজে দ্বিতীয় বারের মতো ১০০ বা তার নীচে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়ার ইনিংসে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।

মিচেল মার্শের সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে আউট হন ক্লার্ক। ইমরানের বলে বোল্ড হওয়ার আগে ৬২ বলে ৭টি চারে ৪৭ রান করেন তিনি।

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক মার্শকেও ফেরান ইমরান। ১৩টি চার ও ১টি ছয়ে সাজানো মার্শের ১১৬ বলে ৮৭ রানের লড়াকু ইনিংসটি শেষ হয় ফুলটস বলে ক্যাচ দিয়ে।

পিটার সিডলকে ফিরিয়ে উইকেট শিকারীদের দলে নাম লেখান মোহাম্মদ হাফিজ। আর সিডলের সঙ্গে শেষ হয় অস্ট্রেলিয়ারও প্রথম ইনিংস। ২৬ বছর পর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৩০০ রানের বেশি এগিয়ে থাকার উদাহরণ গড়ে পাকিস্তান। এর আগে দুবার এই কীর্তি গড়ে তারা-১৯৮২ ও ১৯৮৮ সালে। 

পাকিস্তানের এই সাফল্যে বোলারদের মধ্যে সবচেয়ে বড় অবদান ইমরানের। ৬০ রানে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন বাবর, রাহাত ও ইয়াসির।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫৭০/৬ ডিক্লে. ও ৬১/২ (শেহজাদ ১৪, হাফিজ ৩, আজহার ২১*, ইউনুস ১৬*; জনসন ২/২৯)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৬১ (ওয়ার্নার ১৯, রজার্স ৫, লিয়ন ১৫, ম্যাক্সওয়েল ৩৭, ক্লার্ক ৪৭, স্মিথ ০, মার্শ ৮৭, হ্যাডিন ১০, জনসন ০, সিডল ২৮, স্টার্ক ০*; ইমরান ৩/৬০, রাহাত ২/৪১, ইয়াসির ২/৪৭, বাবর ২/৯৪, হাফিজ ১/১৩)।