২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে চাপে রাখতে পরিকল্পনা টেইলরের

ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে দারুণ শক্তিশালী বাংলাদেশ; নিজেদের দিনে হারাতে পারে যে কাউকে। তবে টেস্টে এখনো ততটা সফল নয় তারা। তাই এই সংস্করণে বাংলাদেশকে চাপে রাখতে চান জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 10:17 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলনের পর টেইলর বলেন, “আমরা জানি দেশের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশ কতটা শক্তিশালী। তবে আশা করি, টেস্টে আমরা ওদের চাপে রাখতে পারবো।”

চলতি বছরটা মোটেও ভালো কাটছে না বাংলাদেশের। টি-টোয়েন্টিতে নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে দুটি জয় ছাড়া এই বছরে আর কোনো জয় নেই তাদের। এরপরও স্বাগতিকদের সমীহ করছেন টেইলর।

“আমাদের লক্ষ্য দেশের বাইরে জেতা, এর আগে আমরা যা করতে ব্যর্থ হয়েছি। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা জানি, ঘরের মাটিতে বাংলাদেশ কত বড় হুমকি হতে পারে।”

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। এর আগে সোমবার শুরু হচ্ছে বিসিবি একাদশের বিপক্ষে জিম্বাবুয়ের তিন দিনের ম্যাচ।

বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় সাগ্রহে অপেক্ষা করছেন জানিয়ে টেইলর বলেন, “ওদের দারুণ কিছু খেলোয়াড় আছে। এটা কঠিন (সফর) হতে যাচ্ছে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েই এসেছি।”

২০০৪/০৫ মৌসুমে বাংলাদেশে শেষ টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। ২০০৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামে অতিথিদের হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। পরে ঢাকা টেস্ট ড্র হওয়ায় প্রথম সিরিজও ঘরে তুলে স্বাগতিকরা।

সেই সিরিজের কথা মনে আছে টেইলরের। চলতি সফরে প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে আসা জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, “চট্টগ্রামে প্রথম টেস্টে ১০ উইকেট নেয়া এনামুল খুব ভালো বল করেছিলেন। তিনি আমাদের জন্য কাজটা খুব কঠিন করে তুলেছিলেন।”

বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত ৩২ সদস্যের প্রাথমিক দলেই নেই।

বাংলাদেশ টেইলরের চেনা প্রতিপক্ষ। বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। এখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও খেলেন তিনি।

“আমার মনে হয়, বাংলাদেশ অনেক খেলোয়াড় হারিয়েছে। তবে দারুণ কিছু তরুণ খেলোয়াড়ও একই সময়ে উঠে এসেছে। আমাদের দলের কয়েকজনের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি, সফরে এটা আমাদের কাজে লাগবে।”

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এই মুহূর্তে কোনো ভাবনা নেই জিম্বাবুয়ের। আপাতত তাদের পূর্ণ মনোযোগ বাংলাদেশের সিরিজের দিকে।

“আমরা একবারে একটি ম্যাচের জন্য প্রস্তুতি নেব। দুই পক্ষের জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা নিজেদের সেরাটা দেয়ার অপেক্ষায় আছি।”