২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় বাংলাদেশের প্রথম বাধা মুম্বাই

কলকাতার ইডেন গার্ডেনসের ১৫০ বছর পূর্তিতে আয়োজিত টুর্নামেন্টে বিসিবি একাদশের প্রথম প্রতিপক্ষ মুম্বাই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 09:51 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

আগামী রোববার মুম্বাইয়ের মুখোমুখি হবে এনামুল হকের দল। পরদিন কর্নাটকের বিপক্ষে খেলবে তারা। ৩০ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে বেঙ্গলের বিপক্ষে খেলবে বিসিবি একাদশ।

২ নভেম্বরের ফাইনালসহ আচার্য মেমোরিয়াল ট্রফির সব ম্যাচ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ক্যাম্পাস মাঠে।

নাসির হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুনদের নিয়ে গড়া শক্তিশালী বিসিবি একাদশ অংশ নেবে প্রতিযোগিতায়।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের সম্ভাব্য খেলোয়াড়দের কলকাতার আচার্য মেমোরিয়াল ট্রফিতে পরীক্ষা করে নিতে চান প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ২১ ও ২৩ নভেম্বর প্রথম দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২৬ ও ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বর ঢাকায় হবে শেষ তিনটি ওয়ানডে।

ইডেনের সার্ধশত পূর্তি উপলক্ষে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) আয়োজিত আচার্য্য মেমোরিয়াল ট্রফিতে একটি দল পাঠাতে বিসিবিকে চিঠি পাঠান ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তখন শক্তিশালী একটি দল পাঠানোর কথা বলেছিলেন বিসিবি কর্মকর্তারা।