২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে নিষিদ্ধ নারাইনের বোলিং

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ফাইনালে বল করতে পারবেন না সুনীল নারাইন। বোলিং অ্যাকশন নিয়ে টুর্নামেন্টে আম্পায়াররা দ্বিতীয়বার আপত্তি তোলায় নিষিদ্ধ হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই অফস্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 02:27 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

বৃহস্পতিবার হোবার্ট হারিকেন্সের বিপক্ষে কলকাতার ৭ উইকেটে জেতা সেমি-ফাইনালে আম্পায়াররা নারাইনের বল নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এর আগে ডলফিনসের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারের দ্রুত গতির ডেলিভারি নিয়ে সন্দেহ করা হয়।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, হারিকেন্সের বিপক্ষে করা নারাইনের ২৪টি বলের মধ্যে কিছু বল নিয়ে আম্পায়ার রড টাকার, এস রবি ও ভিনিত কুলকার্নি সন্দেহ প্রকাশ করেন। তারা লিখিত প্রতিবেদনে এ নিয়ে অভিযোগ করেন।

কলকাতা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে কিনা তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। চেন্নাই সুপার কিংসের সঙ্গে কলকাতার ফাইনালটি শনিবার।

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমি-ফাইনালের ফুটেজ পর্যালোচনা করে আম্পায়াররা দেখতে পান, বল করার সময় নারাইনের কনুই নির্ধারিত সীমার চেয়ে বেশি বেঁকে যায়।

এর আগে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠায় নারাইন টুর্নামেন্টের সতর্ক তালিকায় ছিলেন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তাই দ্বিতীয়বার সন্দেহের মধ্যে পড়ে যাওয়ায় বোলিং করা থেকে নিষিদ্ধ হলেন তিনি।

নারাইনকে নিয়ে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে পরামর্শ দেয়া হবে। বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য আইসিসির অনুমোদন আছে বিশ্ববিদ্যালয়টির ল্যাবের।

চ্যাম্পিয়ন্স লিগে নারাইনের এই নিষেধাজ্ঞা ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না; এটা কেবল ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত টুর্নামেন্টগুলোর জন্য।