২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ ‘এ’

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সাকলাইন সজীবের নৈপুণ্যে চার দিনের প্রথম ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৬ উইকেটে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2014, 03:14 PM

Updated : 22 Aug 2022, 07:08 PM

এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৪৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

জয়ের জন্য শেষ দিন ৬১ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। লিটন দাস (৪২), মার্শাল আইয়ুব (১৩) ও রকিবুল হাসান (১০) দ্রুত ফিরলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের।

নাঈম ইসলাম (অপরাজিত ১৫) ও ফরহাদ হোসেন (অপরাজিত ১৬) দিনের প্রথম সেশনেই দলকে সহজ জয় এনে দেন।

প্রথম ইনিংসে ৮২ রানে ৯ উইকেটসহ ১৩২ রানে ১৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাঁহাতি স্পিনার সাকলাইন। প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংস ও ম্যাচে বাংলাদেশের সেরা দুটি বোলিং এখন তারই।

দুটি রেকর্ডই ছিল বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। ২০১২/১৩ মৌসুমে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৮৪ রানে ৯ উইকেট নিয়ে ইনিংস সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন তিনি।

আর ২০১১-১২ মৌসুমে সিলেটে বরিশালের বিপক্ষে ১৯৩ রানে ১৫ উইকেট নিয়ে ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন রাজ্জাক।