২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকেই তাইজুলের ৫ উইকেট

অভিষেক টেস্টের প্রথম দুটি দিন খুব একটা ভালো না কাটলেও তৃতীয় দিন নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তাইজুল ইসলাম। দেশের ষষ্ঠ বোলার হিসেবে নিজের প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 10:11 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

প্রথম দিন কার্ক এডওয়ার্ডসকে বিদায় করে নিজের প্রথম টেস্ট উইকেট নেন তাইজুল। সেই দিনই ড্যারেন ব্র্যাভোকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেটটি পান এই বাঁহাতি স্পিনার।

দ্বিতীয় দিন বাংলাদেশের আর সব বোলারের মতো ব্যর্থ হন তাইজুলও। ক্রেইগ ব্রেথওয়েইট ও শিবনারায়ণ চন্দরপলের প্রতিরোধ ভাঙতে পারেননি তিনিও।

তবে তৃতীয় দিন সকালেই অতিথি শিবিরে স্বস্তি ফেরান তাইজুল। দ্বিশতক করা ব্রেথওয়েইটকে ফিরিয়ে ১৬১ রানের জুটি ভাঙেন তিনি। এরপর তিনি দিনেশ রামদিন ও জেরোম টেইলরকে দ্রুত ফিরিয়ে দিলে ৭ উইকেটে ৪৮৪ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

১৩৪ রানে ৫ উইকেট নিয়ে কিংসটাউন টেস্টে বাংলাদেশের সেরা বোলার তাইজুলই।

চার বছর আগে কিংসটাউনের এই আর্নস ভেল গ্রাউন্ডেই অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ (৫/৫১)।

অভিষেকে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব আছে বাংলাদেশর আরো চার স্পিনার নাঈমুর রহমান, মানজারুল ইসলাম, ইলিয়াস সানি ও সোহাগ গাজীর।

বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে প্রথম পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান অফস্পিন অলরাউন্ডার নাঈমুর (৬/১৩২)।

এরপর জিম্বাবুয়ের বিপক্ষে একই কৃতিত্ব দেখান মানজারুল ইসলাম রানা (৬/৮১)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালে সানি (৬/৯৪) ও পরের বছর সোহাগ (৬/৭৪) পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান।