২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনে বিধ্বস্ত বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে স্পিনের কাছেই হার মেনেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:15 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

কিংসটাউন টেস্টের তৃতীয় দিন শেষে ১৮২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাঁহাতি স্পিনার সুলেমান বেন মাত্র ৩৯ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। টেস্টে এনিয়ে পাঁচ বার পাঁচ উইকেট নিলেন তিনি।

অনিয়িমিত স্পিনার জেরেমাইন ব্ল্যাকউডকেও সামলাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেনকে ফেরান তিনি। মাহমুদুল্লাহ এলবিডব্লিউর ফাঁদে পড়েন আর নাসির অহেতুক তুলে মারতে গিয়ে বেনের ক্যাচে পরিণত হন।

শুরুতে বলে খোঁচা মেরে বিদায় নেন দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। শামসুর রহমানের সঙ্গে মুমিনুল হকের ৬২ রানের জুটিতে প্রতিরোধের ইঙ্গিত দেয় বাংলাদেশ।

কিন্তু তৃতীয় এই উইকেট জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারানোয় দুইশও পার হতে পারেনি বাংলাদেশ। অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারালেও অবিচল ছিলেন মুশফিকুর রহিম। ৪৮ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের অধিনায়ক।

সর্বোচ্চ ৫১ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। তৃতীয় সর্বোচ্চ ৩৫ রান রান করেন শামসুর। এর বাইরে দুই অঙ্কে পৌছন কেবল শুভাগত হোম চৌধুরী।

এর আগে কিংসটাউন টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিকদের একটি উইকেটও না পাওয়া বাংলাদেশ তৃতীয় দিনের প্রথম সেশনেই চার উইকেট পেয়েছে। নিয়মিত উইকেট হারানোয় ৭ উইকেটে ৪৮৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

রোববার আর্নস ভেল গ্রাউন্ডে ৩ উইকেটে ৪০৭ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।

দিনের চতুর্থ ওভারেই আঘাত হানেন তাইজুল ইসলাম। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পাওয়া ক্রেইগ ব্রেথওয়েইট মুমিনুলের ক্যাচে পরিণত হয়ে ফিরে যান। ২১২ রান করা এই ব্রেথওয়েইটের ৪৪৭ বলের ইনিংসটি ১৪টি চার সমৃদ্ধ।

শিবনারয়ন চন্দরপলের সঙ্গে ব্রেথওয়েইটের ১৬১ রানের বিশাল জুটি ভাঙার পর আর কোনো জুটি গড়তে পারেনি স্বাগতিকরা।

দলের সংগ্রহ সাড়ে চারশ’ পার হওয়ার পর আঘাত হানেন রুবেল হোসেন। ডানহাতি এই পেসারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ব্ল্যাকউড। আম্পায়ারের আউটের সিদ্ধান্তের বিপরীতে ব্ল্যাকউড রিভিউ চাইলেও সিদ্ধান্ত পাল্টায়নি। ম্যাচে রুবেলের এটা প্রথম উইকেট।

এরপর তাইজুল দ্রুত দিনেশ রামদিন ও জেরোম টেইলরকে ফিরিয়ে দিলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডজ।

টাইমিংয়ে গড়বড় করে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক রামদিন। আর টেইলরকে তালুবন্দী করেন শুভাগত। শেষ পর্যন্ত ৮৫ রানে অপরাজিত থাকেন চন্দরপল। তৃতীয় দিন তার অবদান ৩৪ রান।

টেইলরকে ফিরিয়ে বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে অভিষেকে পাঁচ উইকেট নেন তাইজুল। ৫ উইকেট নিতে বাঁহাতি এই স্পিনারের খরচ ১৩৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৪৮৪/৭ ইনিংস ঘোষণা (গেইল ৬৪, ব্রেথওয়েইট ২১২, এডওয়ার্ডস ১০, ব্র্যাভো ৬২, চন্দরপল ৮৫*, ব্ল্যাকউড ১০, রামদিন ৫, টেইলর ১০, রোচ ২*; তাইজুল ৫/১৩৫, শুভাগত ১/১০৪, রুবেল ১/১১০)

বাংলাদেশ: ১৮২ (তামিম ১, শামসুর ৩৫, ইমরুল ৯, মুমিনুল ৫১, মাহমুদুল্লাহ ৭, মুশফিক ৪৮*, নাসির ২, শুভাগত ১৬, তাইজুল ২, রুবেল ১, আল-আমিন ৫; বেন ৫/৩৯, ব্ল্যাকউড ২/১৪, রোচ ১/৩১, টেইলর ১/৪৬, গ্যাব্রিয়েল ১/৫০)