বোথামকে আকরামের জবাব
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বোথাম বলেছিলেন ক্রিকেটের মঙ্গলের স্বার্থে আইপিএল বন্ধ করতে। পরের দিনই এর জবাব দিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ইংল্যান্ডের বাজে অবস্থার কারণ তাদের ক্রিকেটারদের আইপিএলে না খেলাটা।
বছরের শুরুতে অস্ট্রেলিয়া থেকে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে আসে ইংল্যান্ড। আর সম্প্রতি দেশের মাটিতে শ্রীলঙ্কা ও ভারতের কাছে সিরিজ হারে তারা।
ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের কৌশল আর দল নির্বাচন নিয়ে সমালোচনায় মুখর হন অনেকেই। কেউ কেউ আবার বলছেন, ইংল্যান্ড টেস্ট ক্রিকেট ছাড়া আর কিছু নিয়ে ভাবেই না।
পাকিস্তানের সাবেক পেসার আকরামের দর্শনটা একটু ভিন্ন। ভারতের একটি পত্রিকায় নিজের কলামে ইংল্যান্ডের ওয়ানডে আর টি-টোয়েন্টি ভালো না খেলার কারণ সন্ধান করেন আকরাম।
“ইংল্যান্ডের সামান্য কয়েকজন ক্রিকেটারই আইপিএল খেলেছে। এখন তাও বন্ধ। এই কারণেই সংক্ষিপ্ত সংস্করণে তারা ভুগছে।”
কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ আকরাম ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অন্য দলগুলোর এগিয়ে যাওয়ার পেছনে আইপিএলকে কৃতিত্ব দিচ্ছেন।
“অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা পুরো বছর জুড়েই সংক্ষিপ্ত সংস্করণে খেলে। সব খেলোয়াড়রাই আবার আইপিএল খেলে।”
লর্ডসে এক বক্তৃতায় বোথাম বলেছিলেন, ভারতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের কারণে ক্রিকেট দুর্নীতিতে বিস্তার ঘটতে পারে।
২০০৮ সালে শুরু হওয়া টুর্নামেন্টটি দুর্নীতির জন্য বেশ কয়েকবারই বিতর্কিত হয়েছে। বোথাম মনে করেন, স্পট ফিক্সিং বৃদ্ধিতে এই টুর্নামেন্ট বড় অবদান রাখছে।
“খেলোয়াড়রা এর দাস আর প্রশাসকরা এর সামনে নত। ক্রিকেটারদের খেলাটিতে আনা বোর্ডগুলোকে এক পয়সাও না দিয়ে কিভাবে আইপিএল বিশ্বের সেরা খেলোয়াড়দের দুই মাসের জন্য কিনে নেয়?”
