ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে নেই বেল
ব্যথাটা পেয়েছিলেন এজবাস্টনে, চতুর্থ ওয়ানডেতে ওয়ার্ম-আপের সময়। পায়ের আঙ্গুলে পাওয়া সেই চোট না সারায় ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে খেলা হবে না ইয়ান বেলের।
পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পিয়েছে রয়েছে ইংল্যান্ড। শুক্রবার লিডসে হবে শেষ ওয়ানডে।
এজবাস্টনে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন গ্যারি ব্যালান্স। বেলের অনুপস্থিতির অর্থ, নিজের ঘরের মাঠে আরেকটি সুযোগ পেতে যাচ্ছেন তিনি।
দুটি অর্ধশতকসহ ৮ ওয়ানডেতে ২২৬ রানে মৌসুম শেষ করলেন বেল। এই সংস্করণে চলতি মৌসুমে দলের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক তিনি।
টি-টোয়েন্টি দল থেকে আগেই বাদ পড়েন বেল। রোববার বার্মিংহামে হবে একমাত্র টি-টোয়েন্টি।
মৌসুমের শুরুতে অ্যালস্টার কুকের সঙ্গে উদ্বোধনী জুটি গড়েন বেল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলেক্স হেলস ডাক পাওয়ার পর তিন নম্বরে নেমে যান তিনি।
