শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটার ম্যাথিউস
দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার পুরস্কারও পেলেন তিনি। শ্রীলঙ্কার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন এই অলরাউন্ডার।
কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যানের পুরস্কারও জিতেছেন ম্যাথিউস। এখানেই শেষ নয়। বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান ও অলরাউন্ডারের পুরস্কারটাও তার হাতেই উঠেছে।
গত ১২ মাসে টেস্টে ৯২.২৮ গড়ে ১ হাজার ২৯২ রান আর ওয়ানডেতে ৫৩.৬১ গড়ে ৯৬৫ রান করেন ম্যাথিউস।
টেস্টের বর্ষসেরা বোলার হয়েছেন বাঁহাতি স্পিনার রঙ্গানা হেরাথ। মাত্র ১০ টেস্টে ৬০ উইকেট নেন তিনি। ওয়ানডে আর টি-টোয়েন্টির বর্ষসেরা বোলারের পুরস্কার পেয়েছেন লাসিথ মালিঙ্গা।
বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানের পুরস্কার জিতেছেন কৌশল পেরেরা আর অলরাউন্ডারের পুরস্কার জিতেছেন থিসারা পেরেরা।
