সরে না দাঁড়িয়ে লড়বেন কুক
ভারতের কাছে ওয়ানডে সিরিজ হারলেও নেতৃত্ব ছাড়বেন না ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক অ্যালেস্টার কুক।
বিশ্বকাপের মাত্র পাঁচ মাস আগে এক ম্যাচ বাকি থাকতেই ভারতের কাছে সিরিজ হারের পর বিবিসি রেডিওকে কুক জানান, অধিনায়কত্ব করার জন্য তিনি এখনো ক্ষুধার্থ। তাকে বিদায় করার সিদ্ধান্তটা নিতে হবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে।
চলতি বছরটা ওয়ানডেতে ভালো কাটছে না কুকের; এই সংস্করণে তার গড় মাত্র ২৯.৮। তবে ইংল্যান্ড দলে নিজের জায়গা নিয়ে প্রশ্ন উঠায় ভীষণ হতাশ কুক।
“আমি জানি আমাকে আরো বেশি রান করতে হবে। অতীতেও আমি তা করেছি, ভবিষ্যতেও করব।”
মঙ্গলবারের নয় উইকেটের হারের পর গ্রায়েম সোয়ানসহ ইংল্যান্ডের কয়েকজন সাবেক ক্রিকেটার ওয়ানডে নেতৃত্ব থেকে কুককে সরে দাঁড়ানোর পরামর্শ দেন।
২০১১ সালে অধিনায়ক হওয়ার পরের বছরই দলকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছিলেন কুক। তবে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সাম্প্রতিক সময়ে রেকর্ড খুব একটা উজ্জ্বল নয় ইংল্যান্ডের। তাদের বিপক্ষে শেষ ১২ ম্যাচের নয়টিতেই হেরেছে ইংল্যান্ড।
