টেন্ডুলকারের আত্মজীবনী আসছে ৬ নভেম্বর
ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের অনেক না জানা ঘটনা এবার জানবে ভক্তরা। বাদ যাবে না ব্যক্তি টেন্ডুলকারের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাও। সাবেক এই ব্যাটসম্যানের আত্মজীবনী 'প্লেয়িং ইট মাই ওয়ে' যুক্তরাজ্যে বাজারে আসছে আগামী ৬ নভেম্বর।
গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রান ও শতকের মালিক টেন্ডুলকার।
আত্মজীবনী প্রসঙ্গে ৪১ বছর বয়সী টেন্ডুলকার বলেন, “জানতাম যে আমার গল্প লিখতে রাজি হওয়া মানে আমাকে পুরোপুরি সৎ হতে হবে, ঠিক যেভাবে খেলাটা সবসময় আমি খেলেছি। অনেক বিষয়ে আমাকে কথা বলতে হবে আগে যেগুলো আমি জনসমক্ষে প্রকাশ করিনি।”
টেন্ডুলকার জানান, আত্মজীবনী লিখতে তিনি ক্যারিয়ারের শেষ ইনিংস খেলে ফিরে গেছেন ৩৫ বছর আগে, যখন প্রথমবারের মতো ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছিলেন তিনি।
