১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের যে ব‍্যাটসম‍্যানকে নিয়ে উত্তরসূরিদের সতর্ক করলেন মাহারুফ

ভারতীয় কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্তের অল্প সময়েই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্যের কথা মনে করিয়ে দিয়েছেন ফারভিজ মাহারুফ।

ভারতের যে ব‍্যাটসম‍্যানকে নিয়ে উত্তরসূরিদের সতর্ক করলেন মাহারুফ
রিশাভ পান্ত। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 07:12 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেননি রিশাভ পান্ত। তাই বলে তাকে নিয়ে স্বাগতিকদের স্বস্তিতে থাকার কোনো সুযোগ দেখেন না ফারভিজ মাহারুফ। ভারতের এই কিপার-ব্যাটসম্যানের অল্প সময়েই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্যের কথা মনে করিয়ে উত্তরসূরিদের সতর্ক করে দিলেন দেশটির সাবেক অলরাউন্ডার।

স্বাগতিকদের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। যেখানে প্রথম ইনিংসে স্রেফ ২ রানে আউট হন পান্ত। আর দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পেয়ে আউট হন ২৮ রান। ম্যাচটি অবশ্য ৬ উইকেটে জিতে যায় ভারত। 

টেস্ট ক্রিকেটেও ভয়ডরহীন ব্যাটিং করেন পান্ত। পরিস্থিতি যা-ই হোক, নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা চালিয়ে যেতেই পছন্দ করেন তিনি। তার ঝড়ো ব্যাটিং প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। সাদা পোশাকে দারুণ সব রেকর্ড-কীর্তি আছে তার।

এখন পর্যন্ত ৫০ টেস্ট খেলে ৪৩.৩৭ গড়ে তিন হাজার ৫৫৭ রান করেছেন পান্ত। এই সংস্করণে তার স্ট্রাইক রেট ৭৪.০৫। নামের পাশে আট সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ১৯টি। নিজের সবশেষ টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৮১ রান করেছেন তিনি।

পান্তকে থামাতে স্পিনারদের ওপর অনেকটাই নির্ভর করবে শ্রীলঙ্কা, মনে করেন মাহারুফ। তবে অপ্রথাগত ব্যাটিংয়ের কারণে তাকে আটকানো কঠিন হবে বলে ধারণা শ্রীলঙ্কার হয়ে ২২ টেস্ট, ১০৯ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলা পেস বোলিং অলরাউন্ডারের।

“আমি শ্রীলঙ্কার ড্রেসিং রুমে থাকলে, রিশাভ পান্তকে নিয়ে খুবই চিন্তিত থাকতাম। সে এমন একজন খেলোয়াড়, যে আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিটের মধ্যে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে।

“অতীতে তাকে এমনটা করতে দেখেছি আমরা। তার মধ্যে সেই এক্স-ফ্যাক্টর আছে এবং তাকে তার স্বাভাবিক খেলা খেলার পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছে। তাকে অনেক বাঁহাতি স্পিন ও অফ স্পিনের মুখোমুখি হতে হবে।”

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরু আগামী শনিবার, গলে। দ্বিতীয় ও শেষ টেস্ট কলম্বোয়, শুরু আগামী ২৩ অগাস্ট।