২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনেই বিপদে ভারত

ইংল্যান্ডের কাছে তিন দিনেই ইনিংস ব্যবধানে ম্যানচেস্টার টেস্ট হারা ভারত এবারো বিপদে পড়েছে। ওভালে পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন দিন ১৪৮ রানে অলআউট হয়ে গেছে অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 06:58 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

জবাবে শুক্রবারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৬২ রান। স্যাম রবসন ৩৩ ও অ্যালেস্টার কুক ২৪ রানে ব্যাট করছেন। ৮৬ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা, অক্ষত রয়েছে ১০ উইকেটই।

লন্ডনের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই গৌতম গম্ভীরকে হারায় ভারত। মোকাবেলা করা প্রথম বলেই ফিরে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। হঠাৎ করে ছন্দ হারিয়ে ফেলা চেতেশ্বর পুজারা এবারো ব্যর্থ। মাত্র ৪ রান করে গম্ভীরকে অনুসরণ করেন তিনি।

দুই ব্যাটিং ভরসা বিরাট কোহলি আর অজিঙ্কা রাহানের দ্রুত বিদায় দলের বিপদ বাড়ায় আরো। দুই জনকেই ফেরান ক্রিস জর্ডান। কোহলি ৬ রান করলেও শূন্য রানেই ফেরেন রাহানে।

প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে পৌঁছান কেবল মুরালি বিজয়। ক্রিস ওকসের বলে তিনি জো রুটের হাতে ধরা পড়লে ভারতের স্কোর দাঁড়ায় ৩৬/৫।

মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময়ে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৪৩ রান। দ্বিতীয় সেশনেও একই চিত্র। শুরুতেই স্টুয়ার্ট বিনির বিদায়ে নিয়মিত বিরতিতে উইকেট নেয়ার ধারাবাহিকতা ধরে রাখে ইংল্যান্ড।

এরপর রবিচন্দ্রন অশ্বিন ও বরুণ অ্যারনকে ওকস আর ক্রিস জর্ডান ভুবনেশ্বর কুমারকে ফিরিয়ে দিলে ভারতের স্কোর দাঁড়ায় ৯০/৯।

তবে এরপরই দশম উইকেটে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে প্রতিরোধ গড়েন চোট কাটিয়ে ফেরা ইশান্ত শর্মা। চা-বিরতি আধঘণ্টা পিছানো হলেও এই জুটি ভাঙতে পারেনি স্বাগতিকরা।

তৃতীয় সেশনে আর বেশিদূর এগোয়নি ভারতের সংগ্রহ। ধোনিকে ওকসের ক্যাচে পরিণত করে ৫৮ রানের প্রতিরোধ ভাঙেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের বিপক্ষে দ্বাদশ অর্ধশতকে পৌঁছানো ধোনির ব্যাট থেকে আসে ৮২ রান। তার ১৪০ বলের ইনিংসটি ১৫টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।

ধোনি, অশ্বিন আর বিজয় ছাড়া ভারতের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে যেতে পারেননি।

ইংল্যান্ডের পক্ষে ওকস ও জর্ডান তিনটি করে উইকেট নেন। জেমস অ্যান্ডারসন ও ব্রড নেন দুটি করে উইকেট।

প্রথম টেস্ট ড্র হওয়ার পর লর্ডসে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। পরের দুই ম্যাচে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ওভালে না হারলেই পাঁচ ম্যাচের সিরিজ জিতবে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৪৮ (বিজয় ১৮, গম্ভীর ০, পুজারা ৪, কোহলি ৬, রাহানে ০, ধোনি ৮২, বিনি ৫, অশ্বিন ১৩, ভুবনেশ্বর ৫, অ্যারন ১, ইশান্ত ৭*; ওকস ৩/৩০, জর্ডান ৩/৩২, ব্রড ২/২৭, অ্যান্ডারসন ২/৫১)

ইংল্যান্ড: ৬২/০ (কুক ২৪*, রবসন ৩৩*)