২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোতেও হেরাথ পরীক্ষায় পাকিস্তান

পঞ্চম দিনের নাটকীয়তায় গল টেস্টে হেরেছিল পাকিস্তান। সেই জয়ে বড় অবদান ছিল রঙ্গনা হেরাথের। কলম্বো টেস্টেও অতিথি ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলছেন শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 06:56 PM

Updated : 13 Oct 2022, 12:27 PM

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৪৪ রান। এখনো স্বাগতিকদের চেয়ে ৭৬ রানে পিছিয়ে দলটি। সরফরাজ আহমেদ ৬৬ ও আব্দুর রেহমান ১ রানে ব্যাট করছেন।

শুক্রবার সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ৮ উইকেটে ২৬১ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। শেষ তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় এদিন আরো ৫৯ রান যোগ করে অতিথিরা।

১১ নম্বর ব্যাটসম্যান চানাকা ওয়েলেগেদারা ২৭ রানে অপরাজিত থাকেন। নয় নম্বর ব্যাটসম্যান ধাম্মিকা প্রসাদ ১৩ ও ১০ নম্বর ব্যাটসম্যান রঙ্গনা হেরাথ ১৭ রান করেন।

আগের দিন চার উইকেট নেয়া বাঁহাতি পেসার জুনায়েদ খান এদিন আরেকটি উইকেট নেন। প্রসাদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পঞ্চমবারের মতো ৫ উইকেট নিলেন জুনায়েদ (৫/৮৭)।

মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ওভারে খুররম মনজুরকে নিরোশান ডিকওয়েলার ক্যাচে পরিণত করে দলকে প্রথম সাফল্য এনে দেন হেরাথ।

৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ৬৩ রানের দ্বিতীয় জুটিও ভাঙার কৃতিত্ব হেরাথের। এবার তার শিকার হন আজহার আলী।

অর্ধশতক পার হওয়ার পর দিলরুয়ান পেরেরার বলে ডিকওয়েলার গ্লাভস বন্দী হন আহমেদ শেহজাদ। এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান ও মিসবাহ-উল-হককে দ্রুত ফিরিয়ে অতিথিদের অস্বস্তিতে ফেলেন হেরাথ।

ষষ্ঠ উইকেটে আসাদ শফিকের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন সরফরাজ। শফিককে বোল্ড করে বিপজ্জনক এই জুটি ভাঙেন ২০তম বারের মতো পাঁচ উইকেট নেয়া হেরাথ (৫/৯৮)।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৩২০ (থারাঙ্গা ৯২, সিলভা ৪১, সাঙ্গাকারা ২২, জয়াবর্ধনে ৪, ম্যাথিউস ৩৯, থিরিমান্নে ২০, ডিকওয়েলা ২৪, পেরেরা ০, প্রসাদ ১৩, হেরাথ ১৭, ওয়েলেগেদারা ২৭*; জুনায়েদ ৫/৮৭, ওয়াহাব ৩/৮৮, রেহমান ১/৫৩, আজমল ১/৭৭)

পাকিস্তান: ২৪৪/৬ (মনজুর ২৩, শেহজাদ ৫৮, আজহার ৩২, ইউনুস ১৩, মিসবাহ ৫, শফিক ৪২, সরফরাজ ৬৬*, রেহমান ১*; হেরাথ ৫/৯৮, পেরেরা ১/৫২)