ম্যাথিউসের জয়াবর্ধনে বন্দনা
মাহেলা জয়াবর্ধনের লড়াকু মানসিকতা থেকে দলের উঠতি খেলোয়াড়দের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার অধিনায়কের মতে কলম্বো টেস্টে বিদায় নিতে যাওয়া জয়াবর্ধনের মতো ক্রিকেটার খুব কমই আসে।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরুর আগে বিদায়ী সতীর্থের প্রশংসায় একথা বলেন ম্যাথিউস। বৃহস্পতিবার থেকে কলম্বোয় শুরু হওয়া টেস্টের পর ক্রিকেটের এই ঘরানা থেকে বিদায় নেবেন ৩৭ বছর বয়সী জয়াবর্ধনে।
জয়ের আনন্দে জয়াবর্ধনেকে বিদায় দিতে চান ম্যাথিউস।
“এটা মাহেলার শেষ ম্যাচ হতে যাচ্ছে। সবার জন্যই এটা আবেগের একটা মুহূর্ত... তার জন্য আমরা এটা জিততে চাই।”
“চারপাশের পরিস্থিতি যাই হোক না কেন, সবসময়ই আমরা জিততে চাই, এটাই আমাদের মনোভাব। আমরা মাহেলার জন্য খেলতে চাই।”
কলম্বো টেস্ট হবে জয়াবর্ধনের ১৪৯তম টেস্ট ম্যাচ, যা শ্রীলঙ্কার পক্ষে যেকোনো ক্রিকেটারের সর্বোচ্চ টেস্ট। গলে সাত উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
জয়াবর্ধনেকে সত্যিকারের ‘ফাইটার’ বলে ম্যাথিউস আরো বলেন, “তার সঙ্গে আপনি কোনো প্রস্তুতি ম্যাচ খেললেও সে লড়াই করে জেতার চেষ্টা করবে। সে এমনই চরিত্রের খেলোয়াড়, সে অবিশ্বাস্য এক খেলোয়াড়।”
