মিসবাহকে পাশে পাচ্ছেন আজমল
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় স্বাভাবিকভাবেই হয়ত কিছুটা বিব্রত সাঈদ আজমল। তবে অধিনায়ক মিসবাহ-উল-হককে পাশে পাচ্ছেন পাকিস্তানের এই স্পিনার।
সতীর্থের পাশে থাকতে মিসবাহ বলেন, “এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সে (আজমল) আগেও গেছে এবং আমি আশা করি, সবকিছু ঠিক হয়ে যাবে।”
তাই আজমলকে নিয়ে কোনো দুশ্চিন্তা না করে ম্যাচে মনোযোগ দিতে চান মিসবাহ এবং ভালো খেলে বৃহস্পতিবার থেকে কলম্বোয় শুরু হতে যাওয়া টেস্টটা জিততে চান তিনি। গলে প্রথম টেস্ট সাত উইকেটে হেরে যাওয়ায় সিরিজ বাঁচাতে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে।
প্রথম টেস্টে অফস্পিনার আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলে আম্পায়াররা।
আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে আজমলকে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ম্যাচে বল করতে পারবেন তিনি।
৩৪ টেস্টে ১৭৪ উইকেট পাওয়া আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহ অবশ্য এবারই প্রথম নয়। ২০০৯ সালের এপ্রিলে তার দুসরা ডেলিভারি নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা। অবশ্য পরের মাসেই পরীক্ষায় তার অ্যাকশন সঠিক প্রমাণিত হয়েছিল।
