সাফল্য সন্ধানে উইন্ডিজের পথে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজে সাফল্যের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। ব্যর্থতার বৃত্ত ভাঙার প্রতিশ্রুতি দিয়ে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।
বুধবার রাত নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমানে ওঠেন মুশফিকুর রহিমরা। সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।
বিমান বন্দরে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক বলেন, “ওয়েস্ট ইন্ডিজে দল হিসেবে আমরা ভলো খেলতে চাই। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে সেখানে জয় পাওয়া অসম্ভব হবে না।”
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক।
“প্রথম যাচ্ছি, তাই আমি খুবই রোমাঞ্চিত। সফরটা স্মরণীয় করে রাখতে চাই।”
ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই ছন্দে ফেরার লড়াইয়ে থাকা নাসির হোসেনের। ফেরার সিরিজ কি না জানতে চাইলে তিনি বলেন, “গত দুটি সিরিজ দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। এর আগে আমরা যেভাবে খেলছিলাম, নিজেদের আমরা সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই।”
সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী পেস বোলিং কোচ হিথ স্ট্রিকও।
“পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে দুই-একটি ম্যাচে জেতা অসম্ভব নয়। আমাদের পেস ইউনিট খুব শক্তিশালী। গত এক মাস ধরে ওরা কঠোর পরিশ্রম করেছে।”
বিসিবির ছয় মাসের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সিরিজে পেসার রুবেল হোসেন ও ইমরুল কায়েসকে দলে ফিরিয়েছে বিসিবি।
উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল, দুই অলরাউন্ডার কাইরন পোলার্ড ও ড্যারেন ব্র্যাভো ও পেসার কেমার রোচকে ফিরিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
সফরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিকরা। ১৭ অগাস্ট গ্রেনাডায় একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা।
২০ ও ২২ অগাস্ট গ্রেনাডায় হবে প্রথম দুটি ওয়ানডে। ২৫ অগাস্ট সেন্ট কিটসে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। একই ভেন্যুতে ২৭ অগাস্ট হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
সেন্ট কিটসে ৩০ অগাস্ট থেকে শুরু হবে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি।
দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ৫ সেপ্টেম্বর শুরু হবে সেন্ট ভিনসেন্টে। ১৩ সেপ্টেম্বরে সেন্ট লুসিয়ায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
২০০৯ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজে সফরে ২-০ ব্যবধানে টেস্ট এবং ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ। সেবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে হেরেছিল তারা।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের সূচি:
১৭ অগাস্ট, ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, গ্রেনাডা
২০ অগাস্ট, প্রথম ওয়ানডে, গ্রেনাডা
২২ অগাস্ট, দ্বিতীয় ওয়ানডে, গ্রেনাডা
২৫ অগাস্ট, তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস
২৭ অগাস্ট, একমাত্র টি-টোয়েন্টি, সেন্ট কিটস
৩০ অগাস্ট-১ সেপ্টেম্বর, তিন দিনের ম্যাচ, সেন্ট কিটসে
৫-৯ সেপ্টেম্বর, প্রথম টেস্ট, সেন্ট ভিনসেন্ট
১৩-১৭ সেপ্টেম্বর, দ্বিতীয় টেস্ট, সেন্ট লুসিয়া
