২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিততে আত্মবিশ্বাসী ইংল্যান্ড

তিন সপ্তাতেই ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়দের মনোভাব একেবারেই বদলে গেছে। কদিন আগে তলানিতে চলে যাওয়া আত্মবিশ্বাসটা আবার ফিরে পেয়েছেন তারা। ওভালে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টেস্টের আগে তাই জয়ের প্রত্যয় ইংল্যান্ড দলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 04:58 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

পরিবর্তনটা সবচেয়ে বেশি ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের। লর্ডসে ভারতের কাছে দ্বিতীয় টেস্ট হেরে যাওয়ার পর নেতৃত্ব ছেড়ে দেয়ার মতো চাপে পড়ে গিয়েছিলেন তিনি। লডর্সের ওই হারে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের জয়-খরা টানা ১০ ম্যাচে পৌঁছায়।

সাউদাম্পটনে তৃতীয় টেস্টে খরা কাটিয়ে রান পান কুক। তার ৯৫ ও অপরাজিত ৭০ রানের দুটি ইনিংসে জয়হীনতা কাটে ইংল্যান্ডেরও। ওই ম্যাচে ভারতকে ২৬৬ রানে হারায় ইংল্যান্ড।

ফিরে আত্মবিশ্বাসটা ওল্ড ট্র্যাফোর্ডেও নিয়ে যায় কুক ও তার দল। পুরো দুই দিন বাকি থাকতে ভারতকে ইনিংস ও ৫৪ রানে হারায় ইংল্যান্ড।

ওভাল টেস্টের আগে এটা ইংল্যান্ডকে বাড়তি বিশ্রামের সুযোগও করে দিল। আর এই সময়ের মধ্যে পেসার স্টুয়ার্ট ব্রডও সুস্থ হয়ে উঠবেন বলে বিশ্বাস ইংল্যান্ড দলের। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে শনিবার ব্যাটিংয়ের সময় ভারতের পেসার বরুন অ্যারোনের বাউন্সারে নাক ভেঙে যায় ব্রডের।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের জয় যে সিরিজ জয়ের জন্য ইংল্যান্ড দলকে আরো প্রত্যয়ী করে তুলেছে, সেটা বোঝা গেল কোচ পিটার মুরের কথায়ও।

"তিন দিনের মধ্যে জেতাটা সত্যিই দারুণ।...এখন ওভালে বড় একটি ম্যাচ পেয়েছি আমরা। আশা করছি সিরিজ জিতব।"

ওভালে ভারত-ইংল্যান্ডের পঞ্চম ও শেষ টেস্টটি শুরু হবে আগামী শুক্রবার। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড ড্র করলেই সিরিজ জিতবে।