এনামুলের শতক, তামিমের ব্যাটে রান
টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। প্রথম ম্যাচে রান না পেলেও এবার শতক তুলে নিয়েছেন এনামুল হক। রান এসেছে ইমরুল কায়েসের ব্যাটেও।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে এনামুলের হকের সঙ্গে তামিমের ১১৭ রানের উদ্বোধনী জুটি লাল দলকে সহজ জয়ের দিকে নিয়ে যায়। আগের ম্যাচে ১০২ বলে ৪৪ রানের ধীরস্থির ইনিংস খেললেও এবার আক্রমণাত্মক ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
নাসির হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ৭০ রান আসে তামিমের ব্যাট থেকে। তার ৬৬ বলের বলের ইনিংসটি চারটি করে চার ও ছক্কা সমৃদ্ধ।
এরপর মাহমুদুল্লাহ রিয়াদ দ্রুত ফিরলেও দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান এনামুল ও অধিনায়ক মুশফিকুর রহিম। এনামুলের সঙ্গে ৬৭ রানের জুটি গড়া মুশফিকের ব্যাট থেকে আসে ২৯ রান।
শতরান করার পর স্বেচ্ছায় অবসর নেন এনামুল। ১০৮ বলে চারটি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ১০৩ রান করেন তিনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬৫ রানে চার উইকেট হারিয়ে শুরুতেই অস্বস্তিতে পড়ে বিসিবি সবুজ দল। কোনো রান করতে পারেননি ইনিংস উদ্বোধন করতে নামা মুমিনুল হক। শূন্য রানে ফেরেন মোহাম্মদ মিঠুনও।
আগের ম্যাচে অর্ধশতক পাওয়া শামসুর রহমান ২৭ ও শুভাগত হোম ফেরেন ৬ রানে। শামসুরের মতো উইকেটে থিতু হয়ে ফেরেন নাসিরও (২০)।
তারপরও বিসিবি সবুজ দল দুইশ’ পার হয় ইমরুল ও মুক্তার আলীর দৃঢ়তায়। সর্বোচ্চ ৬১ রান করেন মুক্তার। তার ৭৪ বলের ইনিংসটি সাজানো ১টি চার ও ৫টি ছক্কায়।
প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হওয়া ইমরুল এবার খেলেন ৫৯ রানের চমৎকার ইনিংস। তার ৭৯ বলের ইনিংসটি গড়া ৫টি চার ও ২টি ছক্কায়।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলে উদ্বোধনী ব্যাটসম্যান আছেন চার জন- তামিম, এনামুল, ইমরুল ও শামসুর। প্রস্তুতি ম্যাচে তাদের সবাই রান পাওয়ায় উদ্বোধনী জুটি নিয়ে মুশফিকের দুর্ভাবনা কমতেই পারে।
৪৪ ওভারে ২০১ রানে অলআউট হয় বিসিবি সবুজ দল। জবাবে ৩৭ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবি লাল দল। সে সময় ৯৩ রানে ব্যাট করছিলেন এনামুল। এর পরও খেলা চালিয়ে শেষ পর্যন্ত ৩৮ ওভার ৪ বলে ওভার খেলে ৪ উইকেটে ২১৬ রান করে বিসিবি লাল দল।
