২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দল পেতে সমস্যা নেই মাশরাফি, রুবেলদের

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মূল অস্ত্র স্পিনাররা। সাফল্যের জন্য ঘরোয়া ক্রিকেটেও স্পিনারদের ওপরই আস্থা রাখেন অধিনায়করা। তাই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল পেতেও সমস্যা হয় পেসারদের। তবে এবার সহজেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 07:12 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

দল-বদলের জন্য ২৩ জনের পুল ঘোষণা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ‘এ’ শ্রেণিতে রাখা হয় ১৭ জনকে আর ‘বি’ শ্রেণিতে ৬ জন পেসারকে। গত লিগের পর  থেকে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের পুলে রাখা হয়।

দ্বিতীয় শ্রেণিতে আছেন ছয় পেসার মাশরাফি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও রবিউল ইসলাম। দল পেয়ে গেছেন তাদের সবাই।

লিগে পেসারদের দল পাওয়া নিয়ে সমস্যা হয় বলে এবার নতুন কৌশল নেয় সিসিডিএম। দ্বিতীয় শ্রেণি থেকে একজনকে অর্থাৎ একজন পেসার নিলে পুলের সর্বোচ্চ তিনজনকে দলে নেয়া যাবে। ‘এ’ শ্রেণি থেকে দুইজনের বেশি নিতে পারবে না কোনো দলই।

নিষিদ্ধ থাকায় পুলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। পুলে আছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক, আরাফাত সানি ও অফস্পিনার সোহাগ গাজী।

এর বাইরে ‘এ’ শ্রেণিতে আছেন নাসির হোসেন, মুশফিকুর রহিম, এনামুল হক, মাহমুদুল্লাহ, মুমিনুল হক, তামিম ইকবাল, শামসুর রহমান, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ফরহাদ রেজা, সাব্বির রহমান, মার্শাল আইয়ুব, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন।

আগামী বুধবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় দল। তাদের সুবিধার্থে দুই ধাপে হবে দল বদল।

সোম ও মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত হবে পুলের ২৩ ক্রিকেটারের দল বদল। আর একই স্থানে দ্বিতীয় ধাপের দল বদল হবে ২৭ ও ২৮ অগাস্ট।

গত বার ১০ জন বিদেশি ক্রিকেটারকে নিবন্ধন করার সুযোগ ছিল। আর খেলার সুযোগ পেত তিন জন। এবার সর্বোচ্চ সাত জনের নিবন্ধন করা যাবে আর খেলতে পারবেন একজন।

দল বদলের আনুষ্ঠানিকতা সাড়ার আগেই শিরোপাপ্রত্যাশী অধিকাংশ ক্লাব দল গুছিয়ে নিয়েছে। শিরোপাধারী গাজী ট্যাংক ক্রিকেটার্স দলে নিয়েছে তামিম ও রুবেল ও সাব্বিরকে। নিষেধাজ্ঞা উঠে গেলে সাকিবও তাদের সঙ্গী হবেন।

ঐতিহ্যবাহী দল মোহামেডানে খেলতে পারেন দেশসেরা পেসার মাশরাফি, নাঈম ও মিঠুন। আবাহনী দলে জিয়াউর রহমান ও আল-আমিনের খেলা নিশ্চিত। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও এনামুলের যে কোনো একজন খেলবেন দলটিতে।

প্রাইম দোলেশ্বরে জাতীয় দলের অধিনায়ক মুশফিকের খেলা নিশ্চিত হয়েছে আগেই। গতবার তৃতীয় হওয়া দলটিতে তার সঙ্গী হতে পারেন মুমিনুল ও শফিউল।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে খেলবেন মাহমুদুল্লাহ। দলটিতে তার সঙ্গী হতে পারেন ফরহাদ ও তাসকিন।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে খেলবেন বাঁহাতি স্পিনার রাজ্জাক। কলাবাগান ক্রীড়া চক্রে খেলতে পারেন উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর, মিডলঅর্ডার ব্যাটসম্যান মার্শাল ও পেসার রবিউল। আর কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিতে নাসিরের সঙ্গী হতে পারেন বাঁহাতি স্পিনার আরাফাত।

এখনো দল পাননি অফস্পিনার সোহাগ। আবাহনী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর ইমরুল, এনামুলের যে কোনো একজন তার সঙ্গী হবেন।

এখনো পুলের খেলোয়াড় ঠিক করেনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, প্রথম বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে প্রিমিয়ার লিগে ফেরা পারটেক্স আর রানার্সআপ হয়ে ফেরা ওল্ড ডিওএইচএস।