২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ফিল্ডিং কোচ কালপাগে

বাংলাদেশের ফিল্ডিং কোচ হলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত সহকারী কোচ রুয়ান কালপাগে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 04:50 PM

Updated : 25 Apr 2022, 04:32 PM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানান, দুয়েক দিনের মধ্যেই বাংলাদেশে এসে কাজ শুরু করবেন কালপাগে।

কোরি রিচার্ডসের স্থলাভিষিক্ত হয়েছেন শ্রীলঙ্কার এই সাবেক স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি দলের সঙ্গে যাচ্ছেন বলে জানান জালাল।

বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব গ্রহণের পরপরই শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) পদত্যাগপত্র দেন কালপাগে। এসএলসি তা গ্রহণের পর বাংলাদেশে কাজ করতে কোনো বাধা নেই তার।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা কালপাগেকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কালপাগে এবং স্পিন বোলিং কোচ পিয়াল ভিজেতুঙ্গে এ সপ্তাহের শুরুতে বোর্ডে পদত্যাগপত্র জমা দেন। তবে স্পিন কোচকে রেখে দিচ্ছে শ্রীলঙ্কা।

জালাল সাংবদিকদের জানান, গত ৬ অগাস্ট চিঠি দিয়ে বিজেতুঙ্গে না আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন। বোর্ডের সঙ্গে চুক্তি করার পরও তিনি না আসায় হতাশা প্রকাশ করেন বিসিবির এই পরিচালক।

কালপাগে দশ বছর ধরে জাতীয় দলের কোচিংয়ের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে চতুর্থ নতুন সদস্য। এর আগে শ্রীলঙ্কার চন্দিকা হাথুরুসিংহেকে প্রধান কোচ, জিম্বাবুয়ের হিথ স্ট্রিককে বোলিং কোচ এবং মারিও ভিল্লাভারায়নকে ট্রেইনার হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

পুরনো খবর:

শ্রীলঙ্কার সহকারী কোচের পদত্যাগ