২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রড তোপে বিধ্বস্ত ভারত

চতুর্থ টেস্টের প্রথম দিন স্টুয়ার্ট ব্রডের তোপে দাঁড়াতেই পারেনি ভারত। দুই সেশনেরও কম সময়ে প্রথম ইনিংস গুটিয়ে গেছে অতিথি দলটির। ভারতের ছয় ব্যাটসম্যান কোনো রান করতে পারেননি। দুই অঙ্কে পৌঁছান মাত্র তিন জন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 09:43 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

ম্যানচেস্টারে মাত্র ১৫২ রানে অলআউট হয়ে যায় ভারত। ২৫ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে কম রানে গুটিয়ে দেন ব্রড। ৭৩ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে ১২বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি।

জবাবে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১১৩ রান। এখনো ৩৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগিতকরা।

বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ব্রড-জেমস অ্যান্ডারসনের মারাত্মক বোলিংয়ে মাত্র ৮ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে শুরুতেই ভীষণ বিপদে পড়ে ভারত।

গৌতম গম্ভীর (৪) ছাড়া প্রথম চার ব্যাটসম্যানের আর কেউ রানই করতে পারেননি।

অজিঙ্কা রাহানের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাহানেকে (২৪) বিদায় করে এই জুটি ভাঙার কৃতিত্ব ক্রিস জর্ডানের। এরপর অ্যান্ডারসন শূন্য রানে রবীন্দ্র জাদেজাকে ফিরালে অতিথিদের স্কোর দাঁড়ায় ৬৩/৬।

সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ধোনির ৬৬ রানের জুটিতে একশ' পার হয় ভারতের সংগ্রহ। অশ্বিনকে (৪০) স্যাম রবসনের ক্যাচে পরিণত করে প্রতিরোধ গড়া এই জুটি ভাঙেন ব্রড।

সিরিজে রান পাওয়া ভুবনেশ্বর কুমারকে এবার শূন্য রানে ফেরান ব্রড। ভারতের সংগ্রহ দেড়শ' পার হওয়ার পর আবার আঘাত হানেন তিনি। জর্ডানের ক্যাচে পরিণত করে ধোনির (৭১) লড়াইয়ের ইতি টানেন এই পেসার।

সেই ওভারেই পঙ্কজ সিংকে বোল্ড করে মাত্র ৪৬.৪ ওভারেই ভারতের ইনিংস গুটিয়ে দেন ব্রড।

শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডেরও। অ্যালেস্টার কুক ও রবসনের দ্রুত বিদায়ের পর ইনিংস পুনর্গঠন শুরু করেন গ্যারি ব্যালান্স ও ইয়ান বেল।

শেষ ওভারে ব্যালান্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তৃতীয় উইকেটে এই দুজনের ৭৭ রানের জুটি ভাঙেন অ্যারন। বেল অপরাজিত রয়েছেন ৪৫ রানে। তার সঙ্গী নাইটওয়াচম্যান জর্ডান কোনো রান করেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৫২ (বিজয় ০, গম্ভীর ৪, পুজারা ০, কোহলি ০, রাহানে ২৪, ধোনি ৭১, জাদেজা ০, অশ্বিন ৪০, ভুবনেশ্বর ০, অ্যারন ১, পঙ্কজ ০; ব্রড ৬/২৫, অ্যান্ডারসন ৩/৪৬, জর্ডান ১/২৭)।

ইংল্যান্ড: ১১৩/৩ (কুক ১৭, রবসন ৬, ব্যালান্স ৩৭, বেল ৪৫*, জর্ডান ০*; অ্যারন ২/২৬, ভুবনেশ্বর ১/১৭)