‘এশিয়ান গেমস ক্রিকেটে পূর্ণ শক্তির দল’
এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশের একমাত্র সোনা এসেছে ক্রিকেটে। গতবার ছেলেদের ক্রিকেটে আসা এই সাফল্য এবারও ধরে রাখতে পূর্ণ শক্তির দল পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের ফারুক বলেন, “আমরা আমাদের সেরা দলটিই পাঠাবো। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দলটির মতো দল পাঠাবো আমরা।”
গতবারের মতো এবারো নেই ভারত। আর টি-টোয়েন্টি ক্রিকেটের এই প্রতিযোগিতায় এবার দল পাঠাচ্ছে না পাকিস্তানও। লাহিরু থিরিমান্নে, উপুল থারাঙ্গারা থাকলেও খুব একটা শক্তিশালী দল পাঠাচ্ছে না এশিয়ার আরেক পরাশক্তি শ্রীলঙ্কা।
দক্ষিণ কোরিয়ার ইনচনে ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। আর বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হবে ১৭ সেপ্টেম্বর। তবে শিরোপা ধরে রাখতে কাউকে বিশ্রাম দেয়ার পরিকল্পনা নেই প্রধান নির্বাচকের।
“কাউকে বিশ্রাম দেয়ার সুযোগ নেই। শিরোপাধারী হিসেবে এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ আর সুযোগ।”
ইতোমধ্যে বোর্ডে টিম দিয়েছেন নির্বাচকরা। চলতি সপ্তাহেই বোর্ড দল ঘোষণা করতে পারে বলে জানান সাবেক অধিনায়ক ফারুক।
গেমস চলাকালে ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকায় খেলা হবে না নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের। বোর্ড থেকে ব্যাপারটি জানানো হয়েছে নির্বাচকদের। তাই বিষয়টি মাথায় রেখেই দল সাজিয়েছেন নির্বাচকরা।
“জাতীয় দল তো সময়ে একটু পরিবর্তন হয়। যারাই খেলুক তা হবে পূর্ণ শক্তির বাংলাদেশ টি-টোয়েন্টি দল।”
