২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনুসের শতকে ঘুরে দাঁড়ালো পাকিস্তান

শুরুটা ভালো না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। এতে বড় অবদান অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান ইউনুস খানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 07:29 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

মাহেলা জয়াবর্ধনের শেষ টেস্ট সিরিজে বুধবারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৬১ রান। ১৩৩ রানে অপরাজিত রয়েছেন ইউনুস খান। তার সঙ্গী আসাদ শফিক ব্যাট করছেন ৫৫ রানে।

৯০তম টেস্ট খেলতে নামা ইউনুস পৌঁছান নিজের ২৪তম শতকে। ইউনুসের ২২৮ বলের ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।

এই শতকে পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াদাদকে (২৩) পেছনে ফেলে মোহাম্মদ ইউসুফের (২৪) পাশে দাঁড়িয়েছেন ইউনুস। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৫ শতক করে তার সামনে আছেন কেবল ইনজামাম-উল-হক।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। ধাম্মিকা প্রসাদের করা দ্বিতীয় ওভারেই বিদায় নেন আহমেদ শেহজাদ, আর ষষ্ঠ ওভারে খুররম মনজুর।

উইকেটে থিতু হয়েও রঙ্গনা হেরাথের চমৎকার একটি বলে বোল্ড হয়ে বিদায় নেন তিন নম্বর ব্যাটসম্যান আজহার আলী (৩০), দলের সংগ্রহ তখন ৫৬/৩।

ষষ্ঠ ওভারে ক্রিজে আসা ইউনুস প্রথম প্রতিরোধ গড়েন অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে। তাদের শতরানের জুটি দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেয়। হেরাথের বলে ড্রাইভ করতে গিয়ে মিসবাহ (৩১) উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার গ্লাভসবন্দী হলে ভাঙে ৩৫.৪ ওভার স্থায়ী ১০০ রানের জুটি। চা-বিরতির পরপরই অধিনায়ককে হারালেও আসাদ শফিককে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন ইউনুস। অবিচ্ছন্ন পঞ্চম উইকেটে এরই মধ্যে ১০৫ রানের জুটি গড়েছেন এই দুজনে। শ্রীলঙ্কার পক্ষে প্রসাদ ও হেরাথ দুটি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২৬১/৪ (মনজুর ৩, শেহজাদ ৪, আজহার ৩০, ইউনুস ১৩৩*, মিসবাহ ৩১, শফিক ৫৫*; প্রসাদ ২/৫৪, হেরাথ ২/৬৮)