২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের অসাধারণ জয়

গত এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল আফগানিস্তান। এবার তাদের শিকার জিম্বাবুয়ে। তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের বিরুদ্ধে ২ উইকেটের অসাধারণ জয় পেয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2014, 11:09 PM

Updated : 13 Oct 2022, 12:22 PM

এই জয়ের পরও চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে তারা। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে হার এড়ানোর সুযোগ রয়েছে সহযোগী দেশটির সামনে।

মঙ্গলবার বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৪৯ ওভার ২ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় আফগানিস্তান।

ওসমান ঘানির (৪৩) সঙ্গে জাভেদ আহমাদির (৫৬) ৮৩ রানের উদ্বোধনী জুটি আফগানিস্তানকে ভালো সূচনা এনে দেয়।

ভালো শুরুর সুবিধা কাজে লাগিয়ে জয়ের আশা বাঁচিয়ে রাখেন অধিনায়ক মোহাম্মদ নবী (৪২) ও সামিউল্লাহ শেনওয়ারি (৪১)।

শেষ দিকে মাত্র ৭ বলে চারটি ছক্কার সাহায্যে দৌলত জাদরানের অপরাজিত ২৪ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২ বল হাতে রেখে রোমাঞ্চকর জয় তুলে নেয় অতিথিরা।

জিম্বাবুয়ের পক্ষে শন উইলিয়ামস ও নাতসাই মুশাঙ্গে দুটি করে উইকেট নেন।

এর আগে হ্যামিল্টন মাসাকাদজা, অধিনায়ক ব্রেন্ডন টেইলর (৫৩) ও উইলিয়ামস (৪৯) দলকে ভালো ভিত গড়ে দেন।

৪৫তম ওভারে স্বাগতিকদের সংগ্রহ স্কোর ছিল ২১৭/৩। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সংগ্রহ আরো বড় হয়নি জিম্বাবুয়ের।

দলের হার এড়াতে না পারলেও ৯৩ বলে ৯টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৮৪ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেন হ্যামিল্টন।

আফগানিস্তানের পক্ষে আফতাব আলম ও দৌলত দুটি করে উইকেট নেন।

বৃহস্পতিবার একই ভেন্যুতে হবে চতুর্থ ও শেষ ওয়ানডে।