২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ডারসনের শুনানি ১ অগাস্ট

অপ্রীতিকর ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে জেমস অ্যান্ডারসন আর রবীন্দ্র জাদেজার প্রাথমিক শুনানি হয়েছে মঙ্গলবার। ১ অগাস্ট আবার শুনানি হবে অ্যান্ডারসনের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2014, 09:14 PM

Updated : 13 Oct 2022, 12:22 PM

মঙ্গলবার দুই পক্ষের বক্তব্য শোনার পর এই তারিখ দেন জুডিশিয়াল কাউন্সিলর গর্ডন লুইস।

ঘটনাটা ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনের, মধ্যাহ্নভোজের জন্য দুই দল মাঠ ছাড়ার সময় অ্যান্ডারসন ও জাদেজার মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেটার সূত্র ধরেই ঘটনাটি ঘটে।

অ্যান্ডারসনের বিরুদ্ধে মাঠে খারাপ আচরণের অভিযোগ আনে ভারত, জবাবে জাদেজার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনে ইংল্যান্ড।

শুনানিতে ইংল্যান্ডের পেসার অ্যান্ডারসন নিজে উপস্থিত ছিলেন না। পরের শুনানিতেও তাকে সরাসরি হাজির হতে হবে না। ‘ভিডিও কনফারেন্স’ এর মাধ্যমে সেই শুনানি হবে।

শুনানিতে বিসিসিআই, ইসিবির প্রতিনিধি, দুই বোর্ডর আইনজীবী ও আইসিসির আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শেষ হওয়ার কথা ৩১ জুলাই। তার এক দিন পর হতে যাওয়া সেই শুনানির পর রায় জানাতে ৪৮ ঘণ্টা সময় পাবেন লুইস।

ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার শুনানি হবে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে। তবে তার শুনানির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

দোষ প্রমাণিত হলে ৩১ বছর বয়সী অ্যান্ডারসন দুই থেকে চার টেস্ট পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। আর জাদেজার ম্যাচ ফির ৫০ বা ১০০ শতাংশ জরিমানা করা হতে পারে। এছাড়া এক টেস্টেও নিষিদ্ধ হতে পারেন এই অলরাউন্ডার।