সরে দাঁড়ালেন প্রায়র
গোড়ালির চোটের কারণে গ্রীষ্মের বাকি সময়ের জন্য জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের ম্যাট প্রায়র। সুস্থ হয়ে উঠতে অস্ত্রোচারের সিদ্ধান্ত নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
বয়স ৩২ পেরিয়ে গেছে, সঙ্গে এবার বেশ লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে প্রায়রকে। আবার কি জাতীয় দলে ফিরতে পারবেন? প্রায়র নিজেও খুব বেশি সম্ভাবনা দেখছেন না। তবে এখনই অবসর নিতে চান না, বরং সুস্থ হয়ে ফেলে যাওয়া জায়গা ফিরে পেতে লড়াই করতে চান তিনি।
এ প্রসঙ্গে বাস্তববাদী প্রায়র বলেন, “আবার আমি যদি খেলতে না পারি, তাহলে হতাশ হবো; কারণ আমি কিছু অর্জন করতে চেয়েছিলাম।”
২০০৭ সালে টেস্টে অভিষেক হয় প্রায়রের। ইংল্যান্ডের পক্ষে অভিষেকেই শতক করা প্রথম উইকেটরক্ষক-ব্যাটসম্যান তিনি।
ভারতের বিপক্ষে সোমবার শেষ হওয়া লর্ডস টেস্টে ডান হাতে আঘাত পান প্রায়র। তবে সেটা গুরুতর সমস্যা নয় বলে জানান তিনি। অনেকদিন ধরে বয়ে বেড়ানো গোড়ালির চোটটাই বেশি ভোগাচ্ছে ৭৯টি টেস্ট খেলা এই ক্রিকেটারকে।
