স্টেইনের প্রেরণা ডোনাল্ড
গল টেস্টে দারুণ নৈপুণ্য দেখানো দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন প্রেরণা পেয়েছেন স্বদেশী সাবেক পেসার অ্যাল্যান ডোনাল্ডের কাছে থেকে। শ্রীলঙ্কাকে সহজেই হারানোর পর সাংবাদিকদের এ কথা জানান ম্যাচ সেরা এই বোলার।
প্রথম ইনিংসে ৫৪ রানে পাঁচ উইকেট নেন স্টেইন। শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও ফের জ্বলে ওঠেন এই পেসার। সঙ্গে দক্ষিণ আফ্রিকার আরেক পেসার মর্নে মরকেলের বিধ্বংসী বোলিংয়ে শ্রীলঙ্কাকে সহজেই ১৫৩ রানে হারায় তারা।
দ্বিতীয় ইনিংসে স্টেইন ও মরকেল ৪টি করে উইকেট নেন। দুই ইনিংস মিলে ৯৯ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্টেইন।
বর্তমানে দক্ষিণ আফ্রিকা দলে বোলিং কোচ হিসেবে কাজ করা ডোনাল্ডের বল করার কিছু ভিডিও দেখেছিলেন স্টেইন। সেটাই নাকি এমন পারফরম্যান্সের প্রভাবক হিসেবে কাজ করেছে।
“আসলে এই টেস্টে বল করার আগে তার কিছু ভিডিও আমি দেখেছিলাম।”
স্টেইন-মরকেলদের প্রায় সময়ই নাকি সেরা বোলার বলে প্রশংসা করতেন ডোনাল্ড। স্টেইনের মতে, ডোনাল্ডের এমন মন্তব্যে উঠতি তারকারা নিশ্চিতভাবেই বাড়তি প্রেরণা পেত।
গল টেস্টে ম্যাচ জয়ী পারফরম্যান্সকে ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য হিসেবে উল্লেখ করেন স্টেইন।
ডোনাল্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্টেইন বলেন, “উইকেটগুলো পুরো দেশের জন্যে কিন্তু, আমি তাকে ধন্যবাদ দিতে চাই।”
