বিজয়ের দৃঢ়তায় লড়াইয়ে ভারত
অপরাজিত অর্ধশতকে লর্ডস টেস্টে দলকে লিড এনে দেয়া লিয়াম প্লানকেট আরো উজ্জ্বল পরপর দুই বলে চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলিকে বিদায় করে। তার আলো ছড়ানোর দিনে উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়ের দৃঢ়তায় খেলায় আছে ভারতও।
শনিবার তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৬৯ রান। বিজয় ৫৯ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১২ রানে ব্যাট করছেন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি গড়েন এই দুজনে।
৬ উইকেট হাতে নিয়ে ১৪৫ রানে এগিয়ে রয়েছে ভারত।
দলীয় ৪০ রানে শিখর ধাওয়ানকে (৩১) হারালেও ভারতকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন বিজয় ও পুজারা। পুজারাকে (৪৩) ম্যাট প্রায়রের ক্যাচে পরিণত করে ৭৮ রানের জুটি ভাঙার কৃতিত্ব প্লানকেটের। পরের বলে কোহলিকে বোল্ড করেন তিনি।
প্রথম ইনিংসে শতক করা অজিঙ্কা রাহানে দ্বিতীয় ইনিংসে দ্রুত ফিরেন। স্টুয়ার্ট ব্রডের বলে প্রায়রের গ্লাভসবন্দী হয়ে যান তিনি। তবে এর পরের সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন বিজয়-ধোনি।
ইংল্যান্ডের পক্ষে প্লানকেট ২ উইকেট নেন ২৪ রানে।
এর আগে ৬ উইকেটে ২১৯ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনের ৫ রানের জুটিকে এদিন ৫১ পর্যন্ত নিয়ে যান প্লানকেট-প্রায়র। প্রায়রকে বিদায় করে সপ্তম উইকেট জুটির প্রতিরোধ ভাঙেন মোহাম্মদ সামি।
এরপর ভুবনেশ্বর কুমার দ্রুত বেন স্টোকস ও ব্রডকে ফিরিয়ে দিলে লিড নেয়ার আশা জাগে অতিথি শিবিরে। কিন্তু তাদের হতাশ করেন প্রথম টেস্ট অর্ধশতকে পৌঁছানো প্লানকেট (অপরাজিত ৫৫) ও জেমস অ্যান্ডারসন (১৯)। দশম উইকেটে তাদের ৩৯ রানের সুবাদে ২৪ রানের ছোট্ট লিড নেয় ইংল্যান্ড।
৮২ রানে ৬ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ভুবনেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৯৫ (রাহানে ১০৩, ভুবনেশ্বর ৩৬; অ্যান্ডারসন ৪/৬০) ও ১৬৯/৪ (বিজয় ৫৯*, ধাওয়ান ৩১, পুজারা ৪৩, কোহলি ০, রাহানে ৫, ধোনি ১২*; প্লানকেট ২/২৪, স্টোকস ১/৩৫, ব্রড ১/৪১)
ইংল্যান্ড: ৩১৯ (কুক ১০, রবসন ১৭, ব্যালান্স ১১০, বেল ১৬, রুট ১৩, মঈন ৩২, প্লানকেট ৫৫*, প্রায়র ২৩, স্টোকস ০, ব্রড ৪, অ্যান্ডারসন ১৯; ভুবনেশ্বর ৬/৮২, জাদেজা ২/৪৬, বিজয় ১/১২, সামি ১/৫৮)
