অ্যান্ডারসন-জাদেজার শুনানি শুরু মঙ্গলবার
জেমস অ্যান্ডারসন আর রবীন্দ্র জাদেজার মধ্যে অপ্রীতিকর ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছিল ভারত ও ইংল্যান্ড দুই দলই। এখন দুই ক্রিকেটারই শুনানির মুখে পড়েছেন।
শুনানির জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একজন জুডিশিয়াল কাউন্সিলর নিয়োগ দিয়েছে। লর্ডস টেস্ট শেষে ভারত ও ইংল্যান্ডের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে এই শুনানি হবে।
মঙ্গলবার আইসিসির আচরণবিধি কমিশনে অস্ট্রেলিয়ার প্রতিনিধি গর্ডন লুইস দুই পক্ষের বক্তব্য শুনবেন। সূচি অনুযায়ী সোমবার পর্যন্ত চলার কথা লর্ডস টেস্ট।
চূড়ান্ত শুনানির আগে প্রাথমিক শুনানি হবে ‘কনফারেন্স কল’ এর মাধ্যমে।
পেসার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে ভারত মাঠে অসদাচরণের অভিযোগ আনার পর রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনে ইংল্যান্ড।
ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের জন্য দুই দল মাঠ ছাড়ার সময় অ্যান্ডারসন ও জাদেজার মধ্যে কথা কাটাকাটি হয় এবং এর সূত্র ধরেই ঘটনাটি ঘটে।
দোষ প্রমাণিত হলে ৩১ বছর বয়সী অ্যান্ডারসন দুই থেকে চার টেস্ট পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। আর জাদেজার ম্যাচ ফির ৫০ বা ১০০ শতাংশ জরিমানা করা হতে পারে। এছাড়া এক টেস্টেও নিষিদ্ধ হতে পারেন এই অলরাউন্ডার।
