ডুমিনির শতকে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহ
ডিন এলগারের পর জেপি ডুমিনির শতক; শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে তাই সুবিধাজনক অবস্থানে থেকে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
৯ উইকেটে ৪৫৫ রানের অতিথিরা প্রথম ইনিংস ঘোষণার পর কোনো উইকেট না হারিয়ে ২৫ রান করেছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার ৫ উইকেটে ২৬৮ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই নাইটওয়াচম্যান ডেল স্টেইনকে হারালেও দেখে শুনে খেলে দলের সংগ্রহ তিনশ’ পার করেন কুইন্টন ডি কক ও ডুমিনি।
অর্ধশতকে পৌঁছানোর পর ডি কক (৫১) বিদায় নিলে বাকি সময়টুকু টেল এন্ডারদের নিয়ে খেলতে হয় ডুমিনিকে।
অষ্টম উইকেটে ভার্নন ফিল্যান্ডারের (২৭) সঙ্গে ৭৫ ও নবম উইকেটে মর্নে মরকেলের (২২) সঙ্গে ৬৬ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন ডুমিনি।
দলের সংগ্রহ সাড়ে চারশ’পার হওয়ার পর মরকেল বিদায় নিলে ইনিংস ঘোষণা করে অতিথিরা।
১০০ রানে অপরাজিত থাকেন ডুমিনি। তার ২০৬ বলের ইনিংসটি ১০টি চারে সাজানো। ৮২ রানে মিড অফে দিলরুয়ান পেরেরার হাতে একবার জীবন পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যানের এটি চতুর্থ শতক।
