ব্যাট নিয়ে আইন পাল্টাচ্ছে না
ক্রিকেট এখন ব্যাটসম্যানদের খেলায় পরিণত হয়েছে বলে অনেকে মনে করেন। ঐতিহ্যবাহী মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট কমিটির আলোচনাতেও উঠে এসেছে তা। তবে এখনই ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য আনতে ব্যাটের আকার সম্পর্কিত আইন পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই ক্রিকেটের আইন-কানুনের রক্ষক হিসেবে পরিচিত সংস্থাটির।
খেলায় আধুনিক ব্যাটের প্রভাব নিয়ে বিতর্কের পর এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটির সদস্যরা মনে করেন, ব্যাট আর বলের লড়াইয়ে ভারসাম্য পুরোপুরি ব্যাটসম্যানদের দিকে ঝুঁকে পড়েনি। তাই ব্যাট নিয়ে আইন পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখেননি না তারা।
আধুনিক ব্যাটের আকার ও পুরুত্ব ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দিচ্ছে বলে মনে করা হয়। ব্যাটসম্যানরা এখন বেশি ধারবাহিকভাবে বল মারতে পারছেন। ব্যাটের মাঝে না লাগলেও তারা এখন রান পাচ্ছেন।
এমসিসির তদারকিতে ব্যাটের আকার ও তার প্রভাব নিয়ে বছরের পর বছর গবেষণা করে আসছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ।
গবেষকরা ১৯০৫ সালের গ্রে নিকোলস রঞ্জিত ব্যাট আর ১৯৮০ সালের পাওয়ারস্পটসহ আরও তিনটি আধুনিক ব্যাটের মধ্যে তুলনা করেন। দেখা যায়, আধুনিক ব্যাটের 'সুইট স্পট' বড়। এই ব্যাটগুলোর কানা বড় এবং বল কানায় লাগলেও অনেক দূরে যায়।
পাঁচটি ব্যাট পরীক্ষা করে দেখা গেছে, 'সুইট স্পটের' ব্যাটের মাঝে ৮০ মিলিমিটার থেকে ২১৫ মিলিমিটার। ১৯০৫ সালের ব্যাট তাই আধুনিক ব্যাটের তুলনায় অনেক কম কার্যকর। বেশিরভাগ আধুনিক ব্যাটের মাঝখানটা বড় বলে সুইট স্পটও বড়। আর ২০০৯ সাল থেকে ব্যাটগুলোতে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে।
ইম্পেরিয়ালের একটি বিশ্লেষণ দেখিয়েছে, ১৯৭৯ সাল থেকে বাউন্ডারি; বিশেষ করে ছক্কার পরিমাণ নাটকীয়ভাবে বেড়ে গেছে।
ক্রিকেট কমিটি এই উপাত্তগুলো খতিয়ে দেখেছে। টিভি দর্শকদের কথা বিবেচনা করে বেশি বাউন্ডারির সুবিধা, বোলারদের প্রতি ন্যায্যতা এবং ব্যাটে ঠিকমতো না লাগলেও বাউন্ডারি হওয়ার মতো বিষয়গুলো নিয়ে আলোচনাও হয়েছে।
তবে ব্যাটের আকার কমানো নিয়ে আইন বদলানোর বিষয়ে ক্রিকেট কমিটি একমত হতে পারেনি। ব্যাটের সর্বোচ্চ আকার তাই লম্বায় ৩৮ ইঞ্চি এবং চওড়ায় সোয়া ৪ ইঞ্চিই থাকছে। তবে তারা মনে করছেন, ব্যাটসম্যানদের সুবিধা খানিকটা কমাতে বাউন্ডারি আরো বড় করা যেতে পারে।
