২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাদেজার নামে পাল্টা অভিযোগ ইংল্যান্ডের

পেসার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে ভারত মাঠে অসদাচরণের অভিযোগ আনার পর পাল্টা জবাব দিয়েছে ইংল্যান্ড। দলের ম্যানেজার ফিল নিয়াল অভিযোগ আনায় রবীন্দ্র জাদেজার বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 12:00 AM

Updated : 13 Oct 2022, 12:21 PM

ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের জন্য দুই দল মাঠ ছাড়ার সময় অ্যান্ডারসন ও জাদেজার মধ্যে কথা কাটাকাটি হয় এবং এর সূত্র ধরেই ঘটনাটি ঘটে।

বুধবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, মাঠ থেকে সাজঘরে ঢোকার পর হঠাৎ জাদেজা ঘুরে দাঁড়িয়ে অ্যান্ডারসনের দিকে আক্রমণাত্মক আর হুমকির ঢংয়ে এগিয়ে আসছিলেন বলে অভিযোগ এসেছে।

দোষ প্রমাণিত হলে জাদেজার ম্যাচ ফির ৫০ বা ১০০ শতাংশ জরিমানা করা হতে পারে। এছাড়া এক টেস্টে নিষিদ্ধ হতে পারেন এই অলাউন্ডার।

এর আগে জাদেজার সঙ্গে খারাপ ব্যবহার ও ধাক্কা দেয়ায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আইসিসি। ম্যাচের আম্পায়াররা নয়, অ্যান্ডারসনের বিরুদ্ধে অভিযোগ আনেন ভারত দলের ম্যানেজার সুনীল দেব।

দোষ প্রমাণিত হলে ৩১ বছর বয়সী অ্যান্ডারসন ৪ টেস্ট পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন।