২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো-মন্দ মিলিয়ে 'শুরু' আমলার

টেস্ট অধিনায়ক হিসেবে হাশিম আমলার শুরুর দিনটা মিশ্র অনুভূতিরই। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনটা মোটামুটি ভালো করেছে তার দল দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিজে ব্যাট হাতে মাত্র ১১ রানই করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 10:02 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

টস জিতে ব্যাটিং নেন আমলা। দ্বিতীয় উইকেট জুটিতে ডিন এলগার ও ফাফ দু প্লেসির ভালো ব্যাটিংয়ে ১ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে ফেলে তারা। তবে অতিথিরা দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ২৬৮ রান নিয়ে।

কুইন্টন ডি কক ১৭ রান নিয়ে উইকেটে আছেন। তার সঙ্গী ডেল স্টেইন কোনো রান করেননি।

তবে চা বিরতির পর ৪টি উইকেট তুলে নিয়ে দিনটাকে প্রায় সমানে-সমান করে ফেলেন শ্রীলঙ্কার বোলারা।

৭০ রানে উদ্বোধনী ব্যাটসম্যান আলভিরো পিটারসেনের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এর পর দু প্লেসির সঙ্গে জুটি বাধেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান এলগার। ক্যারিয়ারে তৃতীয় এবং দক্ষিণ আফ্রিকার বাইরে প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করতে নেমে শতক পান এলগার। ক্যারিয়ারের দ্বিতীয় শতক করার পথে ডু প্লেসির সঙ্গে ১২৫ রানের জুটি গড়েন এলগার। ১১টি চার ও ৩টি ছয়ে ১৮৭ বলে ১০৩ রান করে সুরঙ্গা লাকমলের বলে আউট হন তিনি। ১৯৬ বলে ৮০ রান করে দু প্লেসি আউট হন দিলরুওয়ান পেরেরার বলে। এর আগে আমলা রঙ্গনা হেরাথের বলে আর এবি ডি ভিলিয়ার্স লাকমালের বলে আউট হয়ে ফেরেন। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন লাকমাল ও পেরেরা। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ২৬৮/৫ (পিটারসেন ৩৪, এলগার ১০৩, দু প্লেসি ৮০, আমলা ১১, ডি ভিলিয়ার্স ২১, ডি কক ১৭*, স্টেইন ০*; লাকমল ২/১৯, পেরেরা ২/১০০, হেরাথ ১/৯৫)