রান উৎসবের ম্যাচ ড্র
কোনো নাটকীয়তা হয়নি ট্রেন্ট ব্রিজে। নিরাপদ পথেই হেঁটেছে গতবার ইংল্যান্ড সফরে সব ম্যাচ হারা ভারত। পঞ্চম ও শেষ দিন অতিথিরাই ব্যাটিং করায় ড্র হয়েছে রান উৎসবের প্রথম টেস্ট।
রোববার ৩ উইকেটে ১৬৭ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারায় ভারত।
এরপর অজিঙ্কা রাহানে ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দ্রুত বিদায় নিলে আশা জাগে স্বাগতিক শিবিরে। কিন্তু পরের ব্যাটসম্যানদের দৃঢ়তায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে।
১৮৪ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া ভারতকে টেনে তোলার কৃতিত্ব স্টুয়ার্ট বিনি ও ভুবনেশ্বর কুমারের। রবীন্দ্র জাদেজার সঙ্গে ৬৫ ও ভুবনেশ্বরের সঙ্গে ৯১ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন অভিষিক্ত বিনি।
মঈন আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৭৮ রান করেন বিনি। প্রথম ইনিংসেও অর্ধশতক পাওয়া ভুবনেশ্বর অপরাজিত থাকেন ৬৩ রানে।
৯ উইকেটে ৩৯১ রানে ভারত ইনিংস ঘোষণার পর সেখানেই খেলার সমাপ্তি হয়।
ইংল্যান্ডের পক্ষে ১০৫ রানে ৩ উইকেট নেন লিয়াম প্লানকেট।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার, লর্ডসে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৫৭ (বিজয় ১৪৬, ধোনি ৮২, ভুবনেশ্বর ৫৮, সামি ৫১*; অ্যান্ডারসন ৩/১২৩) ও ৩৯১/৯ (বিজয় ৫২, ধাওয়ান ২৯, পূজারা ৫৫, কোহলি ৮, রাহানে ২৪, ধোনি ১১, জাদেজা ৩১, বিনি ৭৮, ভুবনেশ্বর ৬৩, ইশান্ত ১৩, সামি ৪*; মঈন ৩/১০৫, ব্রড ২/৫০, প্লানকেট ২/৮৫, কুক ১/৬, অ্যান্ডারসন ১/৪৭)
ইংল্যান্ড: ৪৯৬ (ব্যালান্স ৭১, রুট ১৫৪*, অ্যান্ডারসন ৮১; ভুবনেশ্বর ৫/৮২, ইশান্ত ৩/১৫০)
