প্রথম ইনিংসে ভারতের বড় সংগ্রহ
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে ৪৫৭ রানের বড় সংগ্রহ গড়েছে ভারত। জবাবে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৪৩ রান।
বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ৪ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত। দলের সংগ্রহ তিনশ’ পার হওয়ার পর বিদায় নেন আগের দিন শতকে পৌঁছানো মুরালি বিজয় (১৪৬)। এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৩৬১ বলের ইনিংসটি গড়া ২৫টি চার ও ১টি ছক্কায়।
দলকে ৩৪৪ রান পর্যন্ত নিয়ে যান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। এরপর মাত্র ২ রান যোগ করতে জাদেজা (২৫), ধোনি (৮২), অভিষেক্ত স্টুয়ার্ট বিনি (১) ও ইশান্ত শর্মাকে (১) হারিয়ে চাপে পড়ে ভারত।
৩৪৪/৫ থেকে ৩৪৬/৯-এ পরিণত হওয়া ভারত দলকে বড় সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামির। দশম উইকেটে এ দুজনে গড়েন ১১১ রানের জুটি।
ইংল্যান্ডের পক্ষে ১২৩ রানে ৩ উইকেট নেন জেমস অ্যান্ডারসন।
দিনের শেষ ঘণ্টায় ব্যাট করতে নেমে শুরুতেই অ্যালিস্টার কুককে হারায় ইংল্যান্ড। সামির বলে বোল্ড হয়ে যান ইংল্যান্ডের অধিনায়ক। বাকি সময়টুকুতে স্যাম রবসন ও গ্যারি ব্যালান্স কোনো ক্ষতি হতে দেননি।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৫৭ (বিজয় ১৪৬, ধাওয়ান ১২, পুজারা ৩৮, কোহলি ১, রাহানে ৩২, ধোনি ৮২, জাদেজা ২৫, বিনি ১, ভুবনেশ্বর ৫৮, ইশান্ত ১, সামি ৫১*; অ্যান্ডারসন ৩/১২৩, ব্রড ২/৫৩, স্টোকস ২/৮১, প্ল্যানকেট ১/৮৮, মঈন ১/৯৭)
ইংল্যান্ড: ৪৩/১ (কুক ৫, রবসন ২০*, ব্যালান্স ১৫*; সামি ১/১৫)
