২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের টেস্ট দলে নেই হাফিজ

পাকিস্তান টেস্ট দল থেকে আবারো বাদ পড়লেন মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কা সফরের জন্য তাকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 12:33 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন ব্যাটসম্যান উমর আকমল।

বুধবার শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দলও ঘোষণা করেছে পিসিবি। টেস্ট দল থেকে বাদ পড়লেও ওয়ানডে দলে আছেন হাফিজ।

টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে প্রায় দুই বছর ধরে ব্যর্থ হাফিজ। ২০১২ সালের জুনে শ্রীলঙ্কা সফরে শেষবার শতক করেছিলেন তিনি। কলম্বোর ওই টেস্টের প্রথম ইনিংসে ১৯৬ রান করেন হাফিজ।

এরপর ৮ টেস্ট খেলে ১৬ ইনিংসে মাত্র দুটি অর্ধশতক করেন হাফিজ। গতবছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকেও বাদ পড়েন তিনি। ওই বছরের শেষে টেস্টে দলে ফিরলেও বড় কোনো সাফল্য পাননি।   

আর বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর এবং বছরের মাঝে জিম্বাবুয়ে সফর মিলে পাঁচ টেস্টের ১০ ইনিংসে মাত্র ১০২ রান করেন হাফিজ।

পাকিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন ইউনুস খান। গত বছর মার্চে শেষ ওয়ানডে খেলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

আগামী অগাস্টে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা সফর করবে পাকিস্তান। ৬ অগাস্ট থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট।

পাকিস্তানের টেস্ট দল: আহমেদ শেহজাদ, খুররাম মনজুর, শান মাসুদ, আজহার আলী, ইউনুস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, সাঈদ আজমল, আব্দুর রেহমান, মোহাম্মদ তালহা, জুনায়েদ খান, রাহাত আলী, ওয়াহাব রিয়াজ।

পাকিস্তানের ওয়ানডে দল: আহমেদ শেহজাদ, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনুস খান, উমর আকমল, ফাওয়াদ আলম, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, আনোয়ার আলী, সাঈদ আজমল, জুনায়েদ খান, মোহাম্মদ তালহা, ওয়াহাব রিয়াজ, জুলফিকর বাবর।