২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দুঃসময়ে' ভক্তদের দোয়া চাইলেন সাকিব

শৃংখলা ভঙ্গের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত সাকিব আল হাসান তার এই 'দুঃসময়ে' ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 04:51 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার দুপুরে নিজের ফেইসবুক পেইজে 'স্ট্যাটাসে' দেশের সেরা অলরাউন্ডার সাকিব বলেন, “আশা করি, আপনারা সবসময়ই আমাকে আপনাদের হূদয়ে ঠাঁই দেবেন, আমার জন্য প্রার্থনা করবেন, যা আমি আপনাদের জন্য সবসময়ই করি। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।”

একের পর এক শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় সোমবার সাকিব আল হাসানকে সব ধরণের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া শাস্তি হিসেবে আগামী দেড় বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও ঘোষণা দিয়েছে তারা।

শাস্তির ঘোষণা দিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, সাকিবের আচরণগত সমস্যা দেশের ক্রিকেটের জন্য সর্বনাশ ডেকে আনছে। এজন্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে।

পরের দিন ফেইসবুক স্ট্যাটাসে নিজেকে একজন দেশপ্রেমিক হিসেবেই দাবি করেন।

“দেশ আমার কাছে সবকিছুরই ঊর্ধ্বে। দেশ ও দেশের মানুষের জন্য যেকোনো মুহূর্তে লড়াইয়ে নামতে আমি বদ্ধপরিকর।”

দেশের প্রতি নিজের দায়িত্বের কথা তুলে ধরে সাকিব বলেন, “এই মুহূর্তে আমি যদি আমার হূদয়ের অন্তস্থল আপনাদের দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন আজকের এই আমি কেবল আপনাদের ভালোবাসা, সমর্থন আর বাংলাদেশের পতাকার জন্যই। এই ভালোবাসা, এই আবেগ আমি প্রতিমুহূর্তে ধরে রাখতে চেষ্টা করি।”

ইংরেজিতে দেয়া সেই স্ট্যাটাসে সমর্থন দিয়ে যাওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানান সাকিব।

“অতীতে, এমনকি এখনো পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে ভীষণ অভিভূত।”