'ক্রিকেটে শৃঙ্খলার ব্যাপারে আর ছাড় নয়'
জাতীয় ক্রিকেট দলে শৃঙ্খলার ব্যাপারে আর কোনো ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে আজীবন নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তিও হতে পারে বলে ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
একের পর এক শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় সাকিব আল হাসানকে সোমবার ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। শাস্তি হিসেবে, আগামী দেড় বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্রও (এনওসি) পাবেন না এই অলরাউন্ডার।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভা শেষে নাজমুল হাসান জানান, বিভিন্ন সময়ে ক্রিকেটারদের শৃঙ্খলাভঙ্গের ব্যাপারগুলো প্রশ্রয় দেয়ায়, পরিস্থিতি এখন খুবই খারাপের দিকে যাচ্ছে।
“এ (শৃঙ্খলাভঙ্গ) কাজগুলো ওরা সব সময় করে আসছে। এড়িয়ে যেতে যেতে অবস্থা এখন এমন হয়েছে, কিছুদিন পর এরা আর কাউকেই মানুষ মনে করবে না। এরা সবাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোচের কথা শোনে না, অধিনায়কের কথা শোনে না, কারো কথাই শোনে না। এই অবস্থাতে আমরা মনে করি, শৃঙ্খলা অবশ্যই থাকতে হবে।”
বিসিবি সভাপতি মনে করেন, সাকিবের মারাত্মক আচরণগত সমস্যা রয়েছে। আর এতে সরাসরি প্রভাবিত হচ্ছে জাতীয় দল।
“সবচেয়ে বিপজ্জনক হচ্ছে, কিছু কিছু (খেলোয়াড়) তার মত করা শুরু করেছে। এটা আমাদের ক্রিকেটের জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসছে।”
সমস্যাটা কোথায়- জানার জন্য খেলোয়াড়, কোচ এবং বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান। তিনি কোনো 'টিম ওয়ার্ক' দেখছেন না, দলের মধ্যে ধারাবাহিক বাজে খেলার প্রবণতা দেখছেন।
বিভিন্ন জায়গায় বড় ধরনের পরিবর্তন আসবে জানিয়ে তিনি বলেন, “প্রত্যেক খেলোয়াড়ের কাছে চিঠি যাচ্ছে, এখন থেকে বিজ্ঞাপন কিংবা বাণিজ্যিক কোনো বিষয়ে সম্পৃক্ত হতে হলে অবশ্যই বিসিবিকে জানাতে হবে। তাদেরকে অনুমোদন নিয়েই করতে হবে।”
