অবিশ্বাস্য জয়ে সিরিজ শ্রীলঙ্কার
মাত্র এক বল বাকি থাকতে শেষ উইকেট তুলে নিয়ে নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। লিডস টেস্টে ১০০ রানের জয়ে দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছে অতিথিরা।
১৯৯৮ সালে এক ম্যাচের সিরিজ জেতার পর এটাই ইংল্যান্ডে শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়।
৯৭তম ওভারে নবম উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। ম্যাচ বাঁচাতে এগারো নম্বর ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে নিয়ে ২০ ওভার ২ বল কাটিয়ে দিতে হতো মঈনকে।
অসাধ্য সাধন করেই ফেলছিলেন মঈন-অ্যান্ডারসন। প্রথম শতকে পৌঁছানো মঈনকে দারুণ সঙ্গ দিয়েছিলেন অ্যান্ডারসন। কোনো রান না করলেও ৫৫ বল খেলেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি, টেস্ট শেষ হওয়ার মাত্র ১ বল আগে শামিন্দা এরাঙ্গার বলে রঙ্গনা হেরাথের ক্যাচে পরিণত হন অ্যান্ডারসন।
শূন্য রানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ বল খেলেছেন অ্যান্ডারসন। ৭৭ বলে ০ রান করে রেকর্ডটি এখনও নিউ জিল্যান্ডের জিওফ অ্যালটের।
চতুর্থ ইনিংসে ৩৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন ৫৭ রানেই হারিয়েছিল ৫ উইকেট। পঞ্চম দিন শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে যাওয়ার কৃতিত্ব মঈন আলীর।
ষষ্ঠ উইকেটে জো রুটের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন মঈন। রুটের বিদায়ের পর ম্যাট প্রায়র, ক্রিস জর্ডান ও স্টুয়ার্ট ব্রডের কাছ থেকে খুব একটা সহায়তা পাননি তিনি। তারপরও দারুণ একটা চেষ্টা করেছিলেন মঈন, কিন্তু ম্যাচ বাঁচাতে পারেননি।
দ্বিতীয় ইনিংসে ২৪৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
