উইকেটে বিস্মিত রায়না
শেষ দুটি ম্যাচের উইকেট দেখে বিস্মিত হওয়ার কথা বললেন ভারতের অধিনায়ক সুরেশ রায়না। গত দশ বছরে উপমহাদেশে এমন উইকেট দেখেননি এই বাঁহাতি ব্যাটসম্যান।
বৃস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে রায়না বলেন, “উপমহাদেশে এমন উইকেট কখনো দেখিনি। উপমহাদেশে সব সময় ব্যাটিং সহায়ক উইকেটেই খেলা হয়। দুই দিকেই নতুন বল থাকায় আর আকাশে মেঘ থাকায় বোলারদের সামলানো ছিল ভীষণ কঠিন।”
পেস সহায়ক উইকেটে খেলা হওয়ায় দুই দলই পরের ‘অ্যাসাইমেন্ট’ এর ভালো প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছে বলে মনে করেন রায়না।
ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। আর বাংলাদেশের পরের সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজে।
“ব্যাটসম্যানরা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পেয়েছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরের ভালো প্রস্তুতি নিতে পেরেছে।”
সিরিজ জয়ের উচ্ছ্বাস রায়নার কণ্ঠে। স্টুয়ার্ট বিনি আর মোহিত শর্মার নেতৃত্বাধীন বোলারদেরই জয়ের কৃতিত্ব দিলেন তিনি।
