জোড়া শতকে ভালো অবস্থানে উইন্ডিজ
ক্যারিয়ারে প্রথম টেস্ট শতক করেছেন ক্রেইগ ব্রেথওয়েট। সঙ্গে ড্যারেন ব্রাভোর শতকে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ।
৫ উইকেটে ৩১০ রান করে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ, ৮৯ রানে এগিয়ে আছে তারা।
পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে প্রথম দিনে স্বাগতিক পেসার জেরোমে টেইলরের নৈপুন্যে ২২১ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।
১ উইকেটে ৬ রান নিয়ে মঙ্গলবার ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দিনের পঞ্চম ওভারে টিম সাউদির বলে বোল্ড হয়ে ফেরেন সুলেমান বেন (৪)।
তবে কার্ক ওডওয়ার্ডসের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে সে ধাক্কা সামলে ওঠেন ব্রেথওয়েট। ৬৪ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রান করেন এডওয়ার্ডস।
এরপর ব্রাভোর সঙ্গে ১৮২ রানের জুটি গড়ে বড় ইনিংসের ভিত গড়েন ব্রেথওয়েট। কেন উইলিয়ামসনের বলে ক্যাচ আউট হওয়ার আগে ১০৯ রান করেন ব্রাভো। ১৫৫ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মারেন ব্রাভো। এটা ব্রাভোর ষষ্ঠ টেস্ট শতক।
আর দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২৯ রান করেন ব্রেথওয়েট। তার ২৫৮ বলের ইনিংসটি ১৩টি চারে সাজানো।
নিউ জিল্যান্ডের পক্ষে ৩০ রানে ২টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২২১ (ল্যাথাম ৮২, উইলিয়ামসন ৪২, টেইলর ৪৫*; টেইলর ৪/৩৪, বেন ৩/৭৩)
ওয়েস্ট ইন্ডিজ: ২১০/৫ (গেইল ১, ব্রেথওয়েট ১২৯, বেন ৪, এডওয়ার্ডস ৫৫, ব্রাভো ১০৯, চন্দরপল ৪*, রোচ ০*; বোল্ট ২/৩০, উইলিয়ামসন ১/১৮, সোধি ১/৫৭, সাউদি ১/৬০)
