২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাসকিনের প্রশংসায় রায়না

বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদের প্রশংসা করেছেন ভারতের অধিনায়ক সুরেশ রায়না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 10:19 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৪৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রায়না বলেন, “অভিষিক্ত বোলার (তাসকিন) চমৎকার বল করেছে। আমাদের লক্ষ্য ছিল অন্তত ১৮০ পর্যন্ত পৌঁছানো।”

অভিষেকে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেয়া তাসকিনের তোপে ১০৫ রানেই অলআউট হয়ে যায় ভারত।

তবে স্টুয়ার্ট বিনি ও মোহিত শর্মার মারাত্মক বোলিং আর বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত সহজ জয়ই পায় ভারত।

মামুলি লক্ষ্য দিলেও বোলারদের ওপর কখনো আস্থা হারাননি জানিয়ে রায়না বলেন, “বিনি আর মোহিত অসাধারণ বল করেছে। ইংল্যান্ডে টেস্ট খেলার সময় বিনিকে এই পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে।”

মাত্র ৪ রানে ৬ উইকেট নিয়ে বিনিই ভারতের সেরা বোলার। দেশের সেরা বোলিং রেকর্ড এখন তার অধিকারেই। এর আগের সেরা ছিল অনীল কুম্বলের। ১৯৯৩ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।

রেকর্ড গড়া বোলিংয়ের পর বিনি বলেন, “ওদের বিপক্ষে আক্রমণাত্মক থাকার পরিকল্পনা ছিল। উইকেটে বেশ সহায়তা ছিল। আমরা ‘বাউন্ডারি বল’ না দিয়ে ওদের ওপর চাপ তৈরি করেছি।”

প্রথম দুটি উইকেট আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় জানিয়ে তিনি বলেন, “আমরা বিরতির সময় সঠিক জায়গায় বল ফেলার কথা বলছিলাম। আর এই ধরনের উইকেটে প্রতিদিনই বল করতে ভালো লাগবে আমার।”

বাংলাদেশকে অলআউট করতে মাত্র তিনজন বোলার লেগেছে ভারতের। তাতেই নিজেদের বিপক্ষে প্রতিপক্ষের সর্বনিম্ন রানে অলআউটের কীর্তি গড়ে তারা।

২০০৫ সালে হারারেতে জিম্বাবুয়েকে ৬৫ রানে অলআউট করেছিল ভারত। এটাই ছিল ভারতের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন রান।