সর্বনিম্ন রান করে বাংলাদেশের হার
ভারতকে মাত্র ১০৫ রানে অলআউট করেও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা।
১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভার ৪ বলে ৫৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষকে অলআউট করতে মাত্র তিন জন বোলার লেগেছে ভারতের।
মাত্র ৪ রান দিয়ে ৬ উইকেট নেয়া স্টুয়ার্ট বিনিই বাংলাদেশ ইনিংস ধসিয়ে দিয়েছেন। ভারতের কোনো বোলারের এটি সেরা বোলিং। এর আগে ১৯৯৩ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ রানে ৬ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে।
বাংলাদেশের মাত্র দুজন ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কে। অভিষিক্ত মোহাম্মদ মিঠুন (২৬) ও অধিনায়ক মুশফিকুর রহিম (১১) দলকে ২ উইকেটে ৪৪ রানে পৌঁছে দিয়েছিলেন। এরপর মাত্র ১৪ রানে শেষ ৮ উইকেট হারিয়ে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জায় ডুবেছে স্বাগতিকরা।
গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরেই ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সেই একই স্কোরে অলআউট হল মুশফিকের দল।
ভারতকে ভালো সূচনা এনে দেয়া মোহিত শর্মা ৪ উইকেট নেন ২২ রানে।
এর আগে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অভিষিক্ত তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে ১০৫ রানে অলআউট হয়ে যায় অতিথিরা।
এটি বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন রান। আগের সর্বনিম্ন ছিল ১৯১, ২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অব স্পেনে এই রান করেছিল তারা।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটি তৃতীয় সর্বনিম্ন রান। এর আগে জিম্বাবুয়ে ৪৪ ও ওয়েস্ট ইন্ডিজ ৬১ রানে অলআউট হয়েছিল।
বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে ভারতের ব্যাটসম্যানরা টেকেন মাত্র ২৫ ওভার ৩ বল।
পেস বোলিং সহায়ক উইকেটে রীতিমত ভয়ঙ্কর ছিলেন অভিষিক্ত তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজারা। তাদের সামলাতে হিমশিম খেতে হয়েছে ভারতের ব্যাটস্যম্যানদের।
দ্বিতীয় বলেই আগের ম্যাচের সেরা খেলোয়াড় অজিঙ্কা রাহানেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাশরাফি। ভারত ইনিংসের ৫ ওভার ২ বল পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। আড়াই ঘণ্টা পর খেলা শুরু হলে ম্যাচে দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে।
অষ্টম ওভারে উইকেট শিকার শুরু করেন তাসকিন। আগের ম্যাচে অর্ধশতক করা রবিন উথাপ্পাকে ফেরান তিনি। পরের ওভারে ফিরে অম্বাতি রাইডুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। ভারতের স্কোর তখন ২৮/৩।
প্রান্ত বদল করেও সাফল্য পান এই তরুণ পেসার। এবার এলবিডব্লিউর ফাঁদে ফেলেন চেতেশ্বর পুজারাকে।
চারজন বোলার ৮ ওভার আর একজনের ৯ ওভার বল করার সুযোগ ছিল। শুরু থেকেই দারুণ বল করে যাওয়া মাশরাফিকে টানা নবম ওভারটি করতে দেন অধিনায়ক মুশফিক।
সেই ওভারে ঋদ্ধিমান সাহাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাশরাফি। পরের বলে দুই রান নিতে গিয়ে সুরেশ রায়না রান আউট হয়ে গেলে ভীষণ বিপদে পড়ে অতিথিরা। আল-আমিনের চমৎকার থ্রোয়ে মাশরাফি স্টাম্প ভেঙে দিলে ভারতের বড় সংগ্রহ গড়ার আশা সেখানেই শেষ হয়ে যায়।
৬৬ রানে দলের প্রথম ৬ ব্যাটসম্যানকে হারানো ভারতকে পথ দেখাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। অক্ষর প্যাটেল দুটি চার মেরে শুরু করলেও তাকে বোল্ড করে মধুর প্রতিশোধ নেন পেসার আল-আমিন হোসেন।
দ্বিতীয় স্পেলে বল করতে এসে পরপর দুই ওভারে স্টুয়ার্ট বিনি ও অমিত মিশ্রকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অভিষেক ওয়ানডেতে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তিনি।
শেষ দিকে উমেশ যাদবের আক্রমণাত্মক ব্যাটিংয়ে একশ’ পার হয় ভারতের সংগ্রহ। যাদবকে নাসির হোসেনের ক্যাচে পরিণত করে শেষ উইকেটটি নেন সাকিব আল হাসান।
২৮ রানে ৫ উইকেট নিয়ে তাসকিনই বাংলাদেশের সেরা বোলার। মাশরাফি ২ উইকেট নেন ৩৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৫.৩ ওভারে ১০৫ (উথাপ্পা ১৪, রাহানে ০, পুজারা ১১, রাইডু ১, রায়না ২৭, ঋদ্ধিমান ৫, বিনি ৩, প্যাটেল ৮, মিশ্র ৪, মোহিত ৪*, উমেশ ১৭; তাসকিন ৫/২৮, মাশরাফি ২/৩৫, সাকিব ১/৮, আল-আমিন ১/২৬)
বাংলাদেশ: ১৭.৪ ওভারে ৫৮ (তামিম ৪, এনামুল ০, মিঠুন ২৬, মুশফিক ১১, সাকিব ৪, মাহমুদুল্লাহ ০, নাসির ৫, জিয়া ০, মাশরাফি ২, তাসকিন ০*, আল-আমিন ০; বিনি ৬/৪, মোহিত ৪/২২)
