টেইলরের দাপটে অলআউট নিউ জিল্যান্ড
পেসার জেরোমে টেইলরের নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২২১ রানে অলআউট হয়ে গেছে নিউ জিল্যান্ড।
জবাবে ১ উইকেটে ৬ রান করেছে স্বাগতিকরা।
সোমবার পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় নিউ জিল্যান্ড। হামিশ রাদারফোর্ডকে (৩) ক্রিস গেইলের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠান টেইলর।
কেন উইলিয়ামসনের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে ওঠেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান টম ল্যাথাম। ৪২ রান করে শ্যানন গ্যাব্রিয়েলের বলে আউট হন উইলিয়ামসন।
দলীয় স্কোর ১৪৬ রানে পেসার কেমার রোচের বলে সুলেমান বেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ল্যাথামও। ১৬৩ বলে ১০টি চারের সাহায্যে ৮২ রান করেন তিনি।
এরপর টেইলরের বিধ্বংসী বোলিংয়ে আর কোনো জুটি গড়তে পারেনি নিউ জিল্যান্ড। আট রানের মধ্যে জিমি নিশাম, বিজে ওয়াটলিং ও ইশ সোধিকে আউট করেন টেইলর।
রস টেইলর ৪৫ রান করে অপরাজিত থাকলেও বড় ইনিংস হয়নি অতিথিদের।
৩৪ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সফল বোলার জেরোমে টেইলর।
প্রথম টেস্ট জিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউ জিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২২১ (ল্যাথাম ৮২, রাদারফোর্ড ৩, উইলিয়ামসন ৪২, টেইলর ৪৫*, ম্যাককালাম ৪, নিশাম ১৫, ওয়াটলিং ০, সোধি ০, সাউদি ১০, ক্রেইগ ৪, বোল্ট ১; টেইলর ৪/৩৪, বেন ৩/৭৩, গ্যাব্রিয়েল ২/৪৩, রোচ ১/৬১)
ওয়েস্ট ইন্ডিজ: ৬/১ (গেইল ১, ব্রেথওয়েট ৫*, বেন ০*; বোল্ট ১/৪)
