২০ রানের হতাশা মুশফিকের
ভারতের কাছে প্রথম ওয়ানডেতে হেরে ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি মনে করেন, আর ২০ রান বেশি করতে পারলে খেলার ফল অন্যরকম হতে পারতো।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ভারতের তরুণ দলটির কাছে এমন হার হার মেনে নিতে কষ্ট হচ্ছে অধিনায়কের।
মুশফিক (৫৯) ও সাকিব আল হাসান (৫২) অর্ধশতক পেয়েছিলেন, চল্লিশের ঘরে গিয়েছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক (৪৪) ও মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু তাদের কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই হতাশাই ঝরে পড়লো মুশফিকের কণ্ঠে।
"উইকেট দেখে আমার মনে হয়েছে, আমরা ২০ রান কম করেছি। তিনশ'র কাছাকাছি রান হলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারতো।"
১৫ ওভার শেষে অতিথিদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৯০ রান। তাই বোলারদেরও সমালোচনা করেছেন বাংলাদেশের অধিনায়ক।
"ওরা প্রথম ১০ ওভারে খুব ভালো ব্যাট করেছে। আমাদের বোলাররা অনেক বাজে বল দিয়েছেন যা ভারতের বোলাররা করেনি।"
প্রথম ম্যাচে হারলেও সিরিজ জয়ের আশা এখনো ছাড়েননি বাংলাদেশের অধিনায়ক। শেষ দু'টি ম্যাচ জিতলেই তা সম্ভব।
